তুমি যত বড় মাস্টারমাইন্ডই হও না কেন, সত্য একদিন সামনে এসেই পড়ে। দেবেন্দর শর্মা, এক সময়ের ডাক্তার – আজ ‘ডক্টর ডেথ’ নামে কুখ্যাত সিরিয়াল কিলার। ৬৭ বছর বয়সি এই মানুষটা ভেবেছিল, কুমিরের খালে মৃতদেহ ফেললে প্রমাণ মুছে যাবে। ভেবেছিল, পুরোহিতের ছদ্মবেশ নিলে ঈশ্বরকেও ধোঁকা দেওয়া যাবে। কিন্তু, নিয়তির চোখকে কেউ ফাঁকি দিতে পারে না!
১৯৯৮ থেকে ২০০৪ – এই সময়ে ১২৫টিরও বেশি অবৈধ কিডনি প্রতিস্থাপন, ৫০টিরও বেশি নৃশংস খুন। ট্যাক্সি ড্রাইভারদের ডেকে এনে খুন করা, গাড়ি বিক্রি করে কালো টাকায় জীবন সাজানো – এটাই ছিল তার ‘মোডাস অপারেন্ডি’। আর মৃতদেহ? সোজা হাজারা খালের কুমিরের মুখে! ভেবেছিল, কেউ জানবে না। কিন্তু সত্যের দম বন্ধ করা যায় না।
দিল্লি, রাজস্থান, হরিয়ানার সাতটি মামলায় যাবজ্জীবন, একটিতে মৃত্যুদণ্ড। তিহাড় জেল থেকে প্যারোলে মুক্তি পেয়ে ফের পালিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। ছয় মাস ধরে ভারতের নানা প্রান্তে খোঁজার পর, তাকে পাওয়া গেল দৌসার এক আশ্রমে – যেখানে সে ‘আধ্যাত্মিক গুরু’ সেজেছিল। কিন্তু পুলিশ যখন ধরা দেয়, তখন আর কোনো ছদ্মবেশই রক্ষা করতে পারে না।







