শারীর ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্টে চাকরি সংক্রান্ত মামলায় সিপিএম ঘনিষ্ঠ আইনজীবীদের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শানালেন তিনি। কুণাল বলেন, চাকরিপ্রার্থীরা যোগ্য, মুখ্যমন্ত্রীর রেকমেন্ডেশন রয়েছে, তবু সিপিএমের আইনজীবীরা ইচ্ছাকৃতভাবে চাকরি আটকে দিচ্ছেন।
তিনি দাবি করেন, বিকাশরঞ্জন ভট্টাচার্য একসময় চাকরিপ্রার্থীদের পক্ষে কাজ করে টাকা নিয়েছেন, এখন তারাই মামলা করে চাকরি আটকে দিচ্ছেন। সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়দের পুরনো ধরনার ছবি দেখিয়ে কুণাল প্রশ্ন তোলেন, “তখন যাঁরা পাশে ছিলেন, আজ তাঁরা কেন বাধা দিচ্ছেন?”
আইনজীবী ফিরদৌস শামিমকে নিয়েও ক্ষোভ প্রকাশ করেন কুণাল। বলেন, “৭ লাখ টাকা নিয়ে ফুল পাচ্ছেন, পরে চাকরির বিরোধিতা করছেন। এটা কেমন নৈতিকতা?”
কুণাল আরও বলেন, আন্দোলনকারীদের পাশে দাঁড়ানো তৃণমূলের নীতি, কিন্তু সিপিএমের আইনজীবীরা মানুষকে বিপদে ফেলছেন। তিনি হুঁশিয়ারি দেন, মানুষ সব দেখছে, আর দুঃখ পেলে প্রতিরোধ করবে।
এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ছে।






