শুক্রবার জেলার নতুন তালিকা প্রকাশ করেছে তৃণমূল , কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পদে নেই অনুব্রত মণ্ডল ! যা নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে রাজনৈতিক চর্চা । অনুব্রত জেলে যাওয়ার পর থেকে বীরভূমের দায়িত্ব ছিল কোর কমিটির হাতে । গত বছরই তিহার থেকে ফিরেছেন অনুব্রত । কিন্তু ফেরার পরও জেলা সভাপতির দায়িত্ব ফিরে পেলেন না অনুব্রত । বীরভূম থাকলো কোর কমিটির হাতেই ।
এ বিষয়ে বিকাশ রায় চৌধুরী জানিয়েছেন , “দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটাতেই আমরা মান্যতা দিচ্ছি। এটা দলীয় সিদ্ধান্ত।”
কোর কমিটির চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায় জানান, “নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমার উপর আস্থা রেখেছেন এতে আমি কৃতজ্ঞ।”
কোর কমিটির সভাধিপতি কাজল শেখের কথায়, “কলকাতার ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি। এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল, এটাই হয়েছে। আমি নতমস্তকে প্রণাম জানাই তাঁদের। একুশের নির্বাচন, ২৩-এর নির্বাচন, ২৪-এর নির্বাচন খুব ভালভাবে পার করেছে কোর কমিটি। বিগত দিনের থেকে ভালো রেজাল্ট করেছে।” কিন্তু অনুব্রত মণ্ডল জেলা সভাপতির পদ পাননি , এ প্রসঙ্গে কাজল শেখ বলেন, “এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। কোর কমিটির উপর আস্থা রেখেছে, ১১ টা বিধানসভার মধ্যে ১১ টাতেই বিপুলভাবে জয়লাভ হবে।”
উল্লেখ্য , শুক্রবার জেলার তালিকা প্রকাশ করেছে শাসক দল । এবং সেখানে বীরভূমের দায়িত্ব গেছে কোর কমিটির হাতেই । তালিকা অনুযায়ী , বীরভূমের এই কোর কমিটিতে আছেন – অভিজিৎ সিনহা , অনুব্রত মণ্ডল, আশিষ ব্যানার্জি , বিকাশ রায় চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ ও সুদীপ্ত ঘোষ ।







