বিধানসভা ভোটের আগেই শাসক দল থেকে নিজেকে সরিয়ে নতুন দল গড়েছেন হুমায়ূন কবীর। এবার ২০২৬-এর আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে ভবিষ্যৎ বাণী করলেন ভরতপুরের বিধায়ক। সম্প্রতি নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’র ঘোষণা করেছেন তিনি। নতুন দল নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাস দেখা গেছে হুমায়ুন কবিরের মুখে। পাশাপাশি শনিবার তৃণমূল সুপ্রিমোকে কড়া ভাষায় আক্রমণ করলেন ভরতপুরের বিধায়ক। তিনি বলেন, মুখে মুসলিমপ্রীতি দেখালেও, প্রকৃতপক্ষে মূখ্যমন্ত্রী সনাতনীদের তোষণ করেন।
তার কথায়, “বাংলার মুসলিমদের বলব, আগামী ভোটে এই অকর্মণ্য, তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত সরকারটাকে বিদায় দিতে হবে। গনি খান চৌধুরী বলতেন, সিপিএম-কে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবেন। আমার স্থির বিশ্বাস ওঁর মতো হবে না। হুমায়ুন কবীর বেঁচে থাকতেই তৃণমূলের পতন ঘটবে, ২০২৬ সালেই পতন ঘটবে।”
তৃণমূলের আমলে নিয়োগ দূর্নীতি নিয়েও তীব্র কটাক্ষ করেন হুমায়ূন। তিনি বলেন , “মানুষকে নিদান দিচ্ছেন চপ-মুড়ি-ঘুগনির দোকান খোলার। ওঁর পরিবারে তো অনেক লোক আছে। তাঁদের দিয়ে করান না! ওঁদের পরিবারের লোক কী করছে, তা মানুষের কাছে তুলে ধরতে হবে। যে ২৫ হাজার ৭৫২ জনের চাকরি গিয়েছে, তাঁদের কী অবস্থা! প্রত্যেকটা জায়গা দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। দুর্নীতিমুক্ত বাংলায় নতুন সরকার আনতে সর্বস্ব দিয়ে লড়ব।”







