কলকাতাজেলারাজনীতিরাজ্য

“আইন না থাকলে গুলি করতাম!” কসবা গণধর্ষণ কাণ্ডে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য, সরাসরি আক্রমণ তৃণাঙ্কুরকে

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণ-কাণ্ডে রাজ্যজুড়ে চরম উত্তেজনা। আর ঠিক সেই আগুনে যেন পেট্রোল ঢেলে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একদিন আগেই যিনি বলেছিলেন, “বন্ধু ধর্ষণ করলে পুলিশ কী করবে?”, সেই কল্যাণ এবার ১৮০ ডিগ্রি ঘুরে দাবি করলেন— “আইন আছে তাই ফাঁসি হবে, না হলে ল্যাম্পপোস্টে বেঁধে গুলি করে দিতাম।”

শ্রীরামপুরে দাঁড়িয়ে তিনি কার্যত হুঙ্কার দিয়ে বললেন, “যে ছেলেটা এমন পাশবিক কাজ করেছে, তার ফাঁসি হওয়া উচিত। ছাত্র সংগঠনের নেতারা করছিল কী? দলে এমন খারাপ ছেলে থাকবে কেন?”

এতেই থেমে থাকেননি। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে সরাসরি নাম করে আক্রমণ করে কল্যাণ বলেন, “কয়েকজন দায়িত্বহীন নেতা বসে আছে, যার ফলে এই ধরনের ঘটনা ঘটছে, আর বড় নেতারা কিছু জানেনই না। দু-একটা ছেলে আমাদের দলে বদনাম করে দিচ্ছে।”

তবে তাঁর এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। কারণ একদিন আগেই কল্যাণ বলেছিলেন, “বন্ধু যদি রেপ করে, পুলিশ কী করবে?” সেই মন্তব্যে দলের অস্বস্তি চরমে উঠেছিল। দল বিবৃতি দিয়ে জানায়, সাংসদের ব্যক্তিগত বক্তব্যকে কোনওভাবেই সমর্থন করে না তৃণমূল।

এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে— কল্যাণের এই মত পরিবর্তনের নেপথ্যে কি দলের চাপ? না কি জনরোষে ঘি পড়তেই নিজেকে বাঁচানোর কৌশল? তবে এটুকু স্পষ্ট— কসবাকাণ্ডে দলের অন্দরেই শুরু হয়েছে তীব্র টানাপোড়েন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.