কাঁথি, পূর্ব মেদিনীপুর: দুই বছর কেটে গেলেও ‘সমুদ্র সাথী’ প্রকল্পের এক টাকাও পাননি পূর্ব মেদিনীপুরের শতাধিক মহিলা মৎস্যজীবী। এবার ক্ষোভে ফুঁসছে তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা পোস্টকার্ডে চিঠি লিখে জানালেন নিজেদের দুর্দশার কথা। পাশাপাশি কাঁথির মৎস্য দফতরের অফিসে বিক্ষোভে শামিল হয়ে অনুদানের দাবি তুললেন।
প্রসঙ্গত, প্রতিবছর ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি থাকে, কারণ এ সময় সামুদ্রিক মাছের প্রজননকাল। ফলে দুই মাস কর্মহীন হয়ে পড়েন হাজার হাজার মৎস্যজীবী। এই সংকট মোকাবিলায় ২০২৪-২৫ বাজেটে ঘোষিত হয়েছিল ‘সমুদ্র সাথী’ প্রকল্প। প্রতিমাসে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও, বাস্তবে তা আজও অধরা।
পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের মহিলা শাখার উদ্যোগে এই চিঠি-আন্দোলন শুরু হয়েছে। সপ্তাহব্যাপী চলবে এই কর্মসূচি। আগেও ডেপুটেশন দেওয়া হয়েছিল, কিন্তু কোনও সুফল মেলেনি বলে অভিযোগ মহিলাদের। এবারও সহ মৎস্য অধিকর্তা অফিসে অনুপস্থিত ছিলেন বলে দাবি।
তবে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক আশ্বাস দিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি ও লাগাতার আন্দোলনের পর শেষ পর্যন্ত ‘সমুদ্র সাথী’ প্রকল্প বাস্তবের মুখ দেখবে কিনা, সে দিকেই এখন তাকিয়ে গোটা উপকূল এলাকা।







