জেলাস্বাস্থ্য

নিপা আতঙ্কে বারাসত: ডিসেম্বরে মৃত মহিলাই প্রথম বাহক? আইসিইউ-তে দুই নার্স, তদন্তে কেন্দ্রীয় টিম

বারাসত জুড়ে নিপা ভাইরাস নিয়ে চরম উদ্বেগ। গত কয়েকদিন ধরে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউ-তে ভর্তি রয়েছেন দুই মহিলা নার্স। পুনের গবেষণাগারে পরীক্ষায় তাঁদের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। রাজ্যের স্বাস্থ্য পরিস্থিতির উপর কড়া নজর রাখছে কেন্দ্রীয় টিমও।

এরই মধ্যে সামনে এসেছে গুরুত্বপূর্ণ এক তথ্য। এই দুই নার্স আক্রান্ত হওয়ার আগেই সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালে এক মহিলার মৃত্যু হয়েছিল। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ওই মহিলাই বারাসতে নিপা ভাইরাসের প্রথম বাহক হতে পারেন।

জানা গিয়েছে, গত বছরের ১৯ ডিসেম্বর জ্বর, সর্দি, কাশি, বমি ও অজ্ঞান হয়ে যাওয়ার উপসর্গ নিয়ে ওই মহিলা হাসপাতালের HDU-তে ভর্তি হন। ২২ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। বিশেষজ্ঞদের মতে, এগুলি নিপা ভাইরাসেরই উপসর্গ। তবে মৃত্যুর আগে তাঁর শরীরে নিপা ভাইরাসের পরীক্ষা করা সম্ভব হয়নি।

পরিবারের দাবি, খেজুর রস খাওয়ার কিছুদিন পর থেকেই অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। হাসপাতালে থাকাকালীন তাঁকে পরিষেবা দেওয়া দু’জন নার্সই বর্তমানে নিপা ভাইরাসে আক্রান্ত। তাঁদের মধ্যে একজন কোমায় রয়েছেন বলে জানা গিয়েছে।

এছাড়াও, একই হাসপাতালে আরও এক ব্যক্তি একই ধরনের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে গত ৭ জানুয়ারি মারা যান। তাঁর ক্ষেত্রেও নিপা ভাইরাসের পরীক্ষা হয়নি বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

বিশেষজ্ঞদের মতে, নিপা ভাইরাসের জার্ম মানবদেহে সর্বাধিক ৬২ দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। সেই কারণেই ডিসেম্বরে মৃত ওই মহিলাকেই প্রাথমিকভাবে বারাসত অঞ্চলে নিপা সংক্রমণের উৎস হিসেবে ধরা হচ্ছে।

বৃহস্পতিবার পুনে ও মুম্বই থেকে আসা কেন্দ্রীয় প্রতিনিধিরা মৃত মহিলার বাড়িতে গিয়ে খেজুর রস খাওয়ার বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি, আক্রান্ত নার্সদের সংস্পর্শে কারা এসেছেন, তাঁদের তালিকা তৈরি করে নজরদারি শুরু হয়েছে।

নিপা ভাইরাস ঘিরে পরিস্থিতি এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে না এলেও, রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সতর্ক রয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.