চাকরিহারাদের আন্দোলন এখনও থামেনি। পথে নেমে লাগাতার প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন প্রায় ২৬,০০০ চাকরি বাতিল হওয়া প্রার্থীরা। এরই মাঝে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলেও, এবার সেই বিজ্ঞপ্তিই আইনি জটিলতায় জড়িয়ে পড়ল।
২০২৫ সালের জন্য স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। মামলাকারীদের অভিযোগ, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছিল নিয়োগ হবে ২০১৬ সালের পুরনো বিধি অনুযায়ী। অথচ এসএসসি নতুন নিয়োগে এনেছে নতুন নিয়ম, যার ফলে আরও জটিলতা তৈরি হয়েছে।
বিচারপতি সৌগত ভট্টাচার্য এদিন এসএসসি-কে প্রশ্ন করেন, পুরনো নিয়মেই যেখানে নিয়োগ করতে বলা হয়েছে, সেখানে নতুন নিয়ম কেন? বয়সের ছাড় নিয়েও উঠেছে প্রশ্ন। আদালতের নির্দেশ অনুযায়ী একাধিক পরীক্ষায় বসা প্রার্থীরা প্রতিটি ক্ষেত্রে ছাড় পাওয়ার কথা থাকলেও, নতুন নিয়মে তা একবারের বেশি নয় বলে জানানো হয়েছে। এমনকি ১০ নম্বর ‘অভিজ্ঞতা নম্বর’ দেওয়ার সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে।
আরও বড় প্রশ্ন উঠেছে—নিয়োগ বাতিল হওয়া অযোগ্যদের নতুন প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে স্পষ্টভাবে কেন বাদ দেওয়া হল না? এই প্রশ্নের জবাব সোমবারের মধ্যে রাজ্য ও এসএসসি-কে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।
চাকরিহারাদের ন্যায্যতা নিয়ে লড়াই যে এখন আরও তীব্র হচ্ছে, তা স্পষ্ট এই মামলার মধ্য দিয়ে।







