নিজের গলাতেই কোপ মেরে আত্মঘাতী হলেন এক মহিলা। দমদম সাতগাছির অভিজাত আবাসনে।
স্থানীয় সূত্রে খবর, প্রায় প্রতিদিনই দমদম সাতগাছির অভিজাত আবাসনের দু’নম্বর ব্লকের তিন তলার ফ্ল্যাটে দীপা রায় নামে এক মহিলা বারান্দায় আগুন ধরাতেন। গত কয়েক দিন ধরেই এই কাণ্ডের পুনরাবৃত্তি হওয়ায় আবাসনের অন্য আবাসিকদের দাবি, যে কোনও দিন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। মঙ্গলবার রাতেও একই কীর্তি ঘটালে আবাসনের অন্য আবাসিকরা তাঁর ফ্ল্যাটে গিয়ে জানতে চায়, কেন প্রত্যেকদিন তিনি এরকম ঘটনা ঘটাচ্ছেন? তাঁদের আশঙ্কা ছিল যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
এমতাবস্থায় আবাসিকরা প্রতিবাদ করতেই দীপাদেবী খেপে উঠে ঘর থেকে ছুরি বের করে এনে ভয় দেখাতে থাকেন। আবাসিকরা কিছু বুঝে ওঠার আগেই নিজের গলাতেই কোপ মারেন ওই মহিলা। স্বামী তাঁকে বাঁচাতে গেলে তিনিও জখম হন। এরপর আবাসিকরা নাগেরবাজার থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ওই মহিলাকে উদ্ধার করে চিকিত্সার জন্য হাসপাতালে পাঠায়।
পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই মহিলা। যার জেরেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি।







