বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় চলছে ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া বা SIR এর আবহ। এর মাঝে সপ্তাহের শুরুতেই বাংলায় আসছেন শাহ। বর্ষ শুরুতেই তেড়েফুঁড়ে ভোটের প্রচারে নামবে রাজনৈতিক দলগুলি। জানা গেছে, এই সফরে বিধায়ক সাংসদ সহ উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন অমিত শাহ। নির্বাচনের কয়েকমাস আগেই এবারের বঙ্গ সফরে নেতাকর্মীদের কি বার্তা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী ? সেই শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন।
সূত্রের খবর , আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচারের অভিমুখ, নির্বাচনী সংক্রান্ত কৌশল সহ উচ্চস্তরে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন অমিত শাহ। যদিও এবারের বঙ্গ সফর নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতির অন্দরে। এইবারের বঙ্গ সফরের শেষে সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে কলকাতা মহানগরীর মণ্ডল, জোন ও জেলার কার্যকর্তা এবং রাজ্য নেতৃত্বদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে শাহের।
অমিত শাহের সফরসূচি নিয়ে জানা গেছে, সোমবার সন্ধ্যে ৭ টায় কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে যাবেন সল্টলেটের বিজেপি দফতরে, সেখানে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মিলন সেরে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় মন্ত্রী। বিকেলে মানিকতলা কেশব ভবনে নেতৃত্বদের সঙ্গে সমন্বয় বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার সকালে প্রথমে কলকাতার ইসকন মন্দির দর্শন করবেন মন্ত্রী। এরপর সাংসদ ও বিধায়কদের সঙ্গে সভা করবেন তিনি। সেখান থেকে সায়েন্স সিটি পৌঁছে কলকাতা মহানগরীর মণ্ডল, জোন, জেলা এবং রাজ্যস্তরের নেতৃত্বদের নিয়ে বৈঠক করবেন শাহ। সেখান থেকেই সন্ধ্যার পর দিল্লি উদ্দ্যেশে রওনা দেবেন অমিত শাহ।







