ক্রাইমজেলা

সাইকেল নিয়ে বিবাদ থেকে গণপিটুনি! প্রাণ গেল রঞ্জিতের, গ্রেফতার তৃণমূল সদস্য

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে চাঞ্চল্যকর ঘটনা। সাইকেল ফেরত না দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে খুনের অভিযোগ উঠেছে। মৃতের নাম রঞ্জিত মণ্ডল (৩৫)। ঘটনায় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য-সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যেই পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করেছে, তবে বাকি অভিযুক্তরা এখনও পলাতক।

ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েতের শীতলা এলাকায়। অভিযোগ অনুযায়ী, স্থানীয় ব্যবসায়ী সন্তোষ জানা জানান, বুধবার সন্ধেয় রঞ্জিত তাঁর দোকানে এসে অসুস্থ এক ব্যক্তির জন্য ওষুধ আনতে চান এবং তাঁর সাইকেলটি কিছুক্ষণের জন্য নেন। কিন্তু ঘণ্টা দুই পর রঞ্জিত ফিরে এলেও সাইকেল আর ফেরত দেননি।

সন্তোষবাবু বলেন, “আমি ওকে জিজ্ঞেস করি সাইকেল কোথায়, তখন সে বলে, কোন সাইকেল? পরে অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করে।” সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য নারায়ণ রায়। এরপরই বচসা চরমে ওঠে এবং পরে রঞ্জিতকে মারধর করা হয় বলে অভিযোগ।

গুরুতর আহত অবস্থায় রঞ্জিতকে প্রথমে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে, পরে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে চাপানউতোর। সিপিএম নেতা ও আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “সোনারপুরে তৃণমূলের ছত্রছায়ায় এ ধরনের ঘটনা নতুন নয়। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”

অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষ প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না। সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন সর্দার বলেন, “একটি মারপিটের ঘটনা ঘটেছে, পরে একজন মারা গিয়েছেন। আমাদের এক সদস্য গ্রেফতার হয়েছেন। আইন নিজের পথে চলবে, প্রশাসন বিষয়টি দেখছে।”

পুলিশ সূত্রে খবর, তদন্ত চলছে এবং পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। ঘটনায় গোটা এলাকা এখনো আতঙ্কে ও চাঞ্চল্যে মোড়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.