ডুরান্ড কাপ ঘিরে অনিশ্চয়তা কাটিয়ে নতুন প্রত্যয়ের বার্তা দিল ইস্টবেঙ্গল। যেখানে আইএসএলের একাধিক দল টুর্নামেন্টে অংশ নিতে অনাগ্রহ দেখাচ্ছে, সেখানেই সাহসী সিদ্ধান্ত নিল লাল-হলুদ শিবির। ক্লাব স্পষ্ট জানিয়েছে, তারা ডুরান্ড খেলবে এবং সেইমতো প্রস্তুতিও শুরু হয়ে গেছে। এমনকী বিদেশি ফুটবলারদের ভিসা প্রক্রিয়াও দ্রুত এগোচ্ছে। সব মিলিয়ে ডুরান্ডে খেলা নিয়ে ইস্টবেঙ্গলের আগ্রহ এক নতুন বার্তা দিচ্ছে দেশের ফুটবলপ্রেমীদের।
শুরুতে ভাবা হয়েছিল দেশীয় খেলোয়াড়দের দিয়েই ডুরান্ড খেলবে ইস্টবেঙ্গল। তবে কোচ অস্কার ব্রুজোর সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত বদলেছে ক্লাব ম্যানেজমেন্ট। সল ক্রেসপো ও দিয়ামান্তাকোসের মতো বিদেশিদের ভিসার জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে। অর্থাৎ, অভিজ্ঞ বিদেশিদের নিয়ে শক্তিশালী দল গড়েই টুর্নামেন্টে নামার পরিকল্পনা করছে ইস্টবেঙ্গল।
চোটের জন্য আগে থেকে ছিটকে যাওয়া হিজাজি মাহের ও মাদিহ তালালকে আপাতত ছেঁটে ফেলা হচ্ছে। ছয়জন বিদেশিকে নিয়েই মৌসুম শুরু করতে চাইছে ক্লাব। ইতিমধ্যেই মরক্কোর স্ট্রাইকার হামিদ ও আর্জেন্টিনার কেভিন সিবিলের সঙ্গে মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে। জয় গুপ্তাকেও নিশ্চিত করা হয়েছে। রশিদ ও মিগুয়েল-সহ ছয় বিদেশিকে নিয়েই ডুরান্ডে খেলবে দল।
২৩ জুলাই উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে পারে ইস্টবেঙ্গল। উদ্বোধনী দিনে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে মুম্বই সিটি ইতিমধ্যেই ডুরান্ডে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, যা আইএসএলের ভবিষ্যৎ ক্যালেন্ডার নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।







