ভারতীয় ফুটবলের অন্দরে এখন যেন টালমাটাল পরিস্থিতি। দেশের দুই কিংবদন্তি প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে ও বাইচুং ভুটিয়ার মধ্যে দ্বন্দ্বে ফুটে উঠছে অভ্যন্তরীণ বিভাজন। বাইচুংয়ের বিস্ফোরক অভিযোগ ও কল্যাণের পাল্টা পদক্ষেপে ফেডারেশন কার্যত দ্বিধাবিভক্ত। এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে সর্বভারতীয় ফুটবল সংস্থার তরফে বাইচুংকে পাঠানো শোকজ নোটিশ।
এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনপর্বে হংকংয়ের কাছে ভারতের হারই যেন ফুঁসিয়ে তোলে বাইচুংকে। এক সাংবাদিক বৈঠকে ফেডারেশন সভাপতির পদত্যাগ দাবি করে তিনি বলেন, ভারতীয় ফুটবলের অবনমন ও বারবার ব্যর্থতার জন্য মূলত দায়ী কল্যাণ চৌবের প্রশাসনিক ব্যর্থতা। তিনি আরও জানান, র্যাঙ্কিংয়ে ভারতের পতন, গত তিন বছরে ফুটবল প্রশাসনে কোনও উন্নতি না হওয়াই আজকের করুণ অবস্থার কারণ।
তবে এখানেই থামেননি বাইচুং। কল্যাণের জাতীয় দল কেরিয়ার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দাবি করেন, নিজের অধিনায়কত্বকালে কোনওদিন কল্যাণকে ভারতীয় দলের মূল একাদশে দেখেননি। বরং তিনি বরাবর তৃতীয় পছন্দ ছিলেন। পাশাপাশি সৌদি আরবে সন্তোষ ট্রফি আয়োজনকে ঘিরে দুর্নীতিরও ইঙ্গিত দেন বাইচুং।
কল্যাণ অবশ্য চুপ করে থাকেননি। তিনি পাল্টা প্রশ্ন তোলেন, বাইচুং যেহেতু ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য, তাই এসব মন্তব্য সভায় কেন তোলেননি? সঙ্গে স্মরণ করিয়ে দেন, ফেডারেশনের তরফে মাসিক দেড় লক্ষ টাকা ভাতা পান বাইচুং। সব মিলিয়ে দেশের ফুটবল মহলে এখন উত্তেজনার পারদ চরমে।







