খেলাধুলা

এলিমিনেটরে গুজরাতকে উড়িয়ে ফাইনালে দিল্লি, ৫ ফেব্রুয়ারি মুখোমুখি আরসিবি

নিজস্ব সংবাদদাতা: মহিলাদের প্রিমিয়ার লিগে (WPL) দুরন্ত পারফরম্যান্সে ফাইনালের টিকিট কেটে নিল দিল্লি ক্যাপিটালস। বুধবার এলিমিনেটর ম্যাচে অ্যাশলে গার্ডনারের গুজরাত জায়ান্টসকে ৭ উইকেটে হারিয়ে শেষ দু’য়ে পৌঁছল জেমাইমা রদ্রিগেজের দল। আগামী ৫ ফেব্রুয়ারি শিরোপা লড়াইয়ে দিল্লির প্রতিপক্ষ স্মৃতি মন্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক জেমাইমা রদ্রিগেজ। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাত জায়ান্টস ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৬৮ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার বেথ মুনি। ৬টি চারের সাহায্যে ৫১ বলে ৬২ রানের ইনিংস খেলেন তিনি। তবে মুনিকে বাদ দিলে গুজরাতের ব্যাটিং লাইন-আপ পুরোপুরি ব্যর্থ। সোফি ডিভাইন (৬), অনুষ্কা শর্মা (১৬), অ্যাশলে গার্ডনার (০), কণিকা আহুজা (৬) দ্রুত ফিরে যাওয়ায় ৫৯ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল।

মধ্য ওভারগুলিতে গুজরাতকে কিছুটা লড়াইয়ে ফেরান জর্জিয়া ওয়ারহ্যাম। ২৫ বলে ৩৫ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। শেষদিকে কাশভি গৌতমের ১০ বলে ১৮ রান গুজরাতকে লড়াই করার মতো স্কোরে পৌঁছে দেয়।

দিল্লির বোলারদের মধ্যে সবচেয়ে সফল চিনেলে হেনরি। তিনি ৩৫ রানে ৩টি উইকেট নেন। নন্দিনী শর্মা ৪৪ রানে ২টি এবং মিনু মানি ২৩ রানে ১টি উইকেট তুলে নেন।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল দিল্লি ক্যাপিটালস। ওপেনার লিজ়েল লি ২৪ বলে ৪৩ রান করেন, মারেন ৮টি চার ও ১টি ছয়। অন্য ওপেনার শেফালি বর্মা ২১ বলে ৩১ রান করেন, তাঁর ব্যাট থেকে আসে ৭টি চার। দ্রুত রান তুলে গুজরাতের বোলারদের উপর চাপ বাড়িয়ে দেন এই জুটি।

মাঝের ওভারে দায়িত্ব নেন অধিনায়ক জেমাইমা রদ্রিগেজ। ২৩ বলে ৪১ রানের ঝরঝরে ইনিংস খেলেন তিনি, মারেন ৪টি চার ও ১টি ছক্কা। শেষ পর্যন্ত লরা উলভার্ট (২৪ বলে অপরাজিত ৩২) এবং মারিজ়ান কাপ (অপরাজিত ৪) ম্যাচ শেষ করে দেন। ১৫.৪ ওভারেই ৩ উইকেটে ১৬৯ রান তুলে নেয় দিল্লি।

গুজরাতের হয়ে জর্জিয়া ওয়ারহ্যাম ২৮ রানে ২টি উইকেট নিলেও বাকি বোলাররা কার্যত নিষ্প্রভ থাকেন।

এই জয়ের ফলে WPL ফাইনালে জায়গা করে নিল দিল্লি ক্যাপিটালস। বৃহস্পতিবার নয়, সরাসরি আগামী ৫ ফেব্রুয়ারি শিরোপা নির্ধারণী ম্যাচে স্মৃতি মন্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে জেমাইমা রদ্রিগেজের দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.