নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও সমঝোতার সম্ভাবনা কার্যত খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লির চাণক্যপুরীর নতুন বঙ্গভবনে এসআইআর ইস্যুতে সাংবাদিক বৈঠক শেষে তৃণমূল সুপ্রিমো স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যে তৃণমূল কংগ্রেস একাই লড়াই চালাবে।
মমতার কথায়, “তৃণমূল একাই লড়তে পারে। আর পশ্চিমবঙ্গে আমাদের বিরুদ্ধেই সবাই লড়ে।” তাঁর এই মন্তব্যকে আসন্ন বিধানসভা ভোটের আগে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এসআইআর-এর ফলে ‘আক্রান্ত’ সাধারণ মানুষদের পাশে নিয়ে আয়োজিত ওই সাংবাদিক বৈঠকের শেষ পর্যায়ে রাজধানীর সংবাদমাধ্যমকে আগাম জয়ের আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাসিমুখে তিনি বলেন, “ঠিক আছে, আবার দেখা হবে জেতার পরে। তখন ভাল মিষ্টি খাওয়াব। তবে ‘দিল্লি কা লাড্ডু’ নয়।”
ভোটের ফলাফল নিয়ে প্রত্যাশা সম্পর্কে প্রশ্ন করা হলে মমতা বলেন, “আমি রাজনৈতিক জ্যোতিষী নই। তবে এটুকু বলতে পারি, আরও বেশি আসন নিয়ে জিতব।” তাঁর পাশে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই অভিষেক দাবি করে আসছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসনসংখ্যা এবং ভোটের হার—দুটিই বাড়বে।
কংগ্রেসের সঙ্গে সমঝোতার প্রসঙ্গ নতুন নয়। গত লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দুই দলের জোটের সম্ভাবনা তৈরি হয়েছিল। কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা—জয়রাম রমেশ ও কেসি বেণুগোপাল—তৃণমূলের সঙ্গে সমঝোতার পক্ষেই ছিলেন। তবে তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর তীব্র তৃণমূল-বিরোধী অবস্থানের কারণে সেই উদ্যোগ ভেস্তে যায়।
মঙ্গলবার মমতার সাংবাদিক বৈঠকের সময়েই অধীর চৌধুরী আনন্দপুরে অগ্নিকাণ্ডের এলাকায় গিয়ে কটাক্ষ করে বলেন, “এখানে না এসে দিদি দিল্লিতে হাজিরা দিতে গিয়েছেন।” অধীরের জায়গায় শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পরে তৃণমূল-কংগ্রেস সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছিল। তবে মমতার বক্তব্যে সেই সম্ভাবনা আপাতত নস্যাৎ হয়ে গেল বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
এসআইআর-এর চূড়ান্ত তালিকায় আরও নাম বাদ পড়লে তৃণমূলের রণনীতি কী হবে—এই প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন, “রণনীতি কী হবে, সেটা এখন বলব না। পার্টিতে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমি একা সিদ্ধান্ত নিই না। আমরা গণতান্ত্রিক দল। তবে মাঠ ছাড়ব না।” একই সঙ্গে তাঁর কড়া মন্তব্য, “বাংলায় বিজেপি আসবে না। মানুষ বিজেপি-কে ঘৃণা করে।”







