রাজনীতিরাজ্য

২০২৬-এর ভোটে নজর, বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এ অনুষ্ঠিত হওয়ার কথা। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এই প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে ভোটার তালিকার সংশোধন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ‘ভুতুড়ে ভোটার’ ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন। একই এপিক নম্বরে কীভাবে ভিন্ন ভিন্ন জায়গায় একজন ভোটার থাকতে পারেন, সেই প্রশ্ন তুলে সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্যে চাপের মুখে পড়ে নড়ে-চড়ে বসেছে কমিশনও।

আগস্ট মাস থেকেই রাজ্যে শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া বা ‘স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR)’। নির্বাচন কমিশন এর প্রস্তুতিও শুরু করে দিয়েছে। মঙ্গলবার এই সংশোধন প্রক্রিয়া নিয়ে কিছু আপত্তি তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, ২০০৩ সালের ভোটার তালিকার উপর ভিত্তি করে এই সংশোধন শুরু না করে, ২০২৪ সালের তালিকাকে ভিত্তি হিসেবে ধরা হোক। কারণ, তারা চায় না যে ২০২৪ সাল পর্যন্ত তালিকায় থাকা কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়ুক।

অন্যদিকে, অতীতে মহারাষ্ট্র, দিল্লি এবং হরিয়ানার মতো রাজ্যগুলিতে নির্বাচন ঘোষণার আগে বিপুল পরিমাণে নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস, আম আদমি পার্টি এবং উদ্ধব গোষ্ঠীর শিবসেনা। তৃণমূলের দাবি, পশ্চিমবঙ্গে যাতে একই ধরণের ঘটনা না ঘটে, তা নিশ্চিত করুক কমিশন।

কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, বিহারে যেমনভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ হয়েছে, বাংলাতেও একই পদ্ধতি অনুসরণ করা হবে। সমস্ত রাজ্যকে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন হতে পারে এপ্রিল-মে মাসে। ফলে এই বছর থেকেই ভোটার তালিকার নির্ভুলতা নিয়ে যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, তা আরও চড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.