ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ভাবছিলেন, হয়তো অগস্টেই দেশের জার্সিতে ফিরবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। কিন্তু সেই আশা আপাতত ভেস্তে যেতে বসেছে। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেই বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে, অগস্টে নির্ধারিত সফরে দল পাঠানো হবে না। যদিও আনুষ্ঠানিক ঘোষণা বাকি, তবু বিশ্বস্ত সূত্রের দাবি, এই সিদ্ধান্ত চূড়ান্ত।
১৭ থেকে ৩১ অগস্ট পর্যন্ত বাংলাদেশে তিনটি একদিনের ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন এবং নিরাপত্তা-ঝুঁকি বেড়ে যাওয়ায় ভারতীয় বোর্ড আপাতত পিছু হটেছে। ক্রিকেটারদের নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিসিসিআই।
এই সিরিজ পিছিয়ে দেওয়া হলেও ভবিষ্যতে আয়োজনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না। ভারত ও বাংলাদেশের বোর্ড যৌথ বিবৃতির মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করতে পারে। তবে আপাতত সিরিজ বাতিল না হলেও অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে।
এর ফলে রোহিত ও কোহলিকে দেশের জার্সিতে দেখার অপেক্ষা আরও দীর্ঘায়িত হল। আইপিএলের সময়ই তাঁরা টেস্ট থেকে অবসর নিয়েছেন। টি-টোয়েন্টিতেও খেলছেন না। ফলে তাঁদের ফের দেখা যাবে অক্টোবরের ১৯ তারিখ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে। এই সময়ের মধ্যে একমাত্র সম্ভাবনা এশিয়া কাপ হলেও, তা টি-টোয়েন্টি হওয়ায় দু’জনেই থাকবেন না।







