সাতসকালের নিস্তব্ধতা ভেঙে ভয়ংকর ঘটনায় তোলপাড় বীরভূমের দুবরাজপুর। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলুপাড়ায় মোড়ল পুকুর থেকে উদ্ধার হল এক মা ও তাঁর নাবালিকা মেয়ের নিথর দেহ। মৃতদের নাম মালা হাজরা ও তাঁর মেয়ে বৃষ্টি হাজরা। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য ও উৎকণ্ঠা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দু’দিন ধরে মালা হাজরা ও তাঁর মেয়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ চালালেও তাঁদের সন্ধান মেলেনি। এমনকী দুবরাজপুর থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। সময় যত গড়ায়, ততই বাড়তে থাকে উদ্বেগ।
শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে মোড়ল পুকুরে মালা হাজরার দেহ ভাসতে দেখেন। মুহূর্তের মধ্যেই এলাকায় খবর ছড়িয়ে পড়ে এবং পুকুরপাড়ে ভিড় জমে যায়। এরপর শুরু হয় বৃষ্টি হাজরার খোঁজ। প্রথমে পুকুরের আশপাশে তল্লাশি চালানো হলেও মেয়েটির কোনও হদিস মেলেনি। শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দারাই পুকুরে জাল ফেলে তল্লাশি শুরু করেন। কিছুক্ষণ পর সেই জালেই উঠে আসে বৃষ্টির নিথর দেহ।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তদন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনও অপরাধমূলক ঘটনা—তা স্পষ্ট নয়।
৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর ঘোষ জানান, “দু’দিন ধরেই ওদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে পুকুরে প্রথমে মায়ের দেহ উদ্ধার হয়, পরে মেয়ের। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”







