“ধর্মঘট করে কিছু হয় না, কর্মদিবস নষ্ট চলবে না”— মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কড়া বার্তা সত্ত্বেও ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে, তৃণমূলেরই এক বিধায়িকা কারখানার গেটের সামনে দাঁড়িয়ে সরাসরি কাজ বন্ধ করার নির্দেশ দিচ্ছেন। আর সেই ভিডিও ঘিরেই এখন রাজনৈতিক জলঘোলা তুঙ্গে।
ভিডিওটিতে দেখা গিয়েছে, সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরা হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল একটি কারখানার সামনে শ্রমিক অসন্তোষের সময় উপস্থিত হয়ে বলছেন, “দলের নির্দেশে আজ কাজ বন্ধ রাখতে হবে”। যেখানে মুখ্যমন্ত্রী ধর্মঘটের বিরোধিতা করেন, সেখানে দলেরই এক বিধায়িকার এমন মন্তব্য নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে INTTUC-এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, “এই আন্দোলন বা কাজ বন্ধ করার কোনও তথ্য আমার কাছে ছিল না। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ— আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতে হবে, ধর্মঘট ডাকা যাবে না।”
এদিনই দেশজুড়ে বামেদের ডাকা ভারত বনধ। যদিও INTTUC এবং তৃণমূল নেতারা দাবি করেছেন, বাংলায় বনধ কার্যত ব্যর্থ। তাঁদের মতে, এই ভাইরাল ভিডিওর প্রসঙ্গ তুলে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বামেরা।
বিজেপির কটাক্ষ— তৃণমূলের দুই নীতি! একদিকে মুখ্যমন্ত্রী, রাজ্য নেতৃত্ব ধর্মঘটের বিরোধিতা করছেন, অন্যদিকে সদ্য দলে ফেরা নেত্রী হলদিয়ায় INTTUC-র নতুন গোষ্ঠী তৈরি করছেন। “হলদিয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তোলা তোলার রাজনীতি মানুষ স্পষ্ট দেখতে পাচ্ছেন”— কটাক্ষ গেরুয়া শিবিরের।
INTTUC সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “শ্রমিকদের স্বার্থে রাজ্য সরকার সবসময় পাশে আছে। ধর্মঘট নয়, আলোচনার মাধ্যমেই সমাধান আসবে।”







