যাদের তৃণমূল থেকে হারার সম্ভাবনা রয়েছে , তারা এখনই যোগাযোগ শুরু করে দিয়েছেন বিজেপি শিবিরের সঙ্গে ! বহরমপুরের অনেক তৃণমূল নেতারই এমন পরিকল্পনা ? বিস্ফোরক অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর । বুধে রাজ্যে দ্বিতীয় দফার ভোট । আর তার আগে , কংগ্রেস নেতার এহেন মন্তব্যে , রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ।
অধীর রঞ্জন চৌধুরী এদিন বলেন , ” তৃণমূল নেতাদের অনেকে বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন। এখানে যাঁরা যাঁরা হারবেন তাঁরা এখন থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন। বিজেপির হাত-পা ধরে আগামী দিনে টিকে থাকতেই এই পরিকল্পনা চলছে। বহরমপুরের তৃণমূল নেতারা বিজেপিমুখী হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।পুরসভায় আলোচনা হয়ে গিয়েছে। শিবির পরিবর্তনের পরিকল্পনা চলছে। টাকাপয়সা কামানোর ব্যবস্থা পাকাপাকি করতে এইসব নেতারা ভাবছেন যে, আর তৃণমূল করে লাভ নেই। তাই বিজেপিতে যাওয়ার ব্যবস্থা পাকা করা হচ্ছে।”
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক নির্বাচনী সভায় আশঙ্কা প্রকাশ করেন যে, তৃণমূল কংগ্রেস যদি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে পরবর্তীতে বিধায়ক কেনাবেচার মাধ্যমে বিজেপি সরকার ফেলার চেষ্টা করতে পারে। তাই তিনি ভোটারদের কাছে আবেদন জানান, জোড়াফুল প্রতীকে ভোট দিয়ে তৃণমূল প্রার্থীদের বিপুল ব্যবধানে জয়ী করতে।
এদিকে, কংগ্রেস নেতা অধীর চৌধুরী পাল্টা দাবি করেছেন, তৃণমূলের যে নেতারা নির্বাচনে পরাজিত হবেন, তাঁদের অনেকেই ইতিমধ্যেই বিজেপির সঙ্গে যোগাযোগ স্থাপন করা শুরু করেছেন।







