সিউড়ি এসপি মোড়ের কাছে একটি বেসরকারি কম্পিউটার সেন্টারের বিরুদ্ধে গুরুতর প্রতারণার অভিযোগ উঠল।
অভিযোগ দায়ের করেছেন দিশা নামে এক ছাত্রী। তাঁর অভিযোগ, ফোনে নানা রকম ট্রেনিং করিয়ে ডেটা এন্ট্রি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়। কিন্তু পরে সেই চাকরির বদলে অন্যরকম কাজের কথা বলা হয়।
দিশার দাবি, কম্পিউটার সেন্টারে ঢোকার আগে ভুল বুঝিয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে হাজার হাজার টাকা নেওয়া হচ্ছে।
এই অভিযোগের ভিত্তিতে সিউড়ি থানায় দিশা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত কম্পিউটার সেন্টারে হানা দেয় এবং দুই মহিলা ও দুই পুরুষকে আটক করে।
তবে অভিযুক্ত কম্পিউটার সেন্টার কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, এই অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
ঘটনাটিকে কেন্দ্র করে সিউড়ি জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।







