সোমবার রাজ্যের শাসক দল তৃণমূলের বড় কর্মসূচি । যা নিয়ে এবার কিছুটা বিরক্তি প্রকাশ করেছে হাইকোর্ট । হাইকোর্টের তরফে এই কর্মসূচি নিয়ে বেঁধে দেওয়া হয়েছে কিছু শর্তও । হাইকোর্টের পক্ষ থেকে বলা হয় , ধর্মতলায় তৃণমূলের কর্মসূচির জন্য কলকাতা শহরে যাতে সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত কোনো যানজট না সৃষ্টি হয় , তার ব্যবস্থা করতে হবে পুলিশকে । লাল বাজারের তরফ থেকেও জানানো হয়েছে, হাইকোর্টের নিয়ম মেনেই যান নিয়ন্ত্রণ করা হবে । পুলিশের তরফে ইতিমধ্যেই এবিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে । যেখানে কোন রাস্তায় কতক্ষন ট্রাফিক নিয়ে বিধিনিষেধ থাকবে , তা উল্লেখ করা হয়েছে ।
পুলিশের প্রকাশিত বিবৃতি অনুযায়ী , ২১ জুলাই ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত যাত্রিবাহী যান চলাচল বেশ কিছু রাস্তায় নিয়ন্ত্রিত থাকবে । এই রাস্তাগুলি হল –
• আমহার্স্ট স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণমুখী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে)
• বিধান সরণি (কেসি সেন স্ট্রিট থেকে বিবকানন্দ রোড পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে)
• কলেজ স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরমুখী যান নিয়ন্ত্রণ করা হবে)
• ব্রাবোর্ন রোড (উত্তর থেকে দক্ষিণমুখী যান নিয়ন্ত্রণ করা হবে)
• স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমুন্ট স্ট্রিট পর্যন্ত নিয়ন্ত্রণ)
• বিবি গাঙ্গুলি স্ট্রিট (পূর্ব থেকে পশ্চিমে যান নিয়ন্ত্রণ)
• বেন্টিঙ্ক স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরে যান নিয়ন্ত্রণ)
• নিউ সিআইটি রোড (পশ্চিম থেকে পূর্বে নিয়ন্ত্রণ করা হবে)
• রবীন্দ্র সরণি (বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে)
উল্লেখ্য , পুলিশের তরফে জানানো হয়েছে ২১ জুলাই ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতা শহরে কোনও পণ্যবাহী গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না । তবে এলপিজি গ্যাস , সিলিন্ডারবোঝাই গাড়ি, মাছ, মাংস কিংবা অত্যাবশ্যকীয় পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে এই বিধিনিষেধ জারি থাকছে না। পাশাপাশি ২১ জুলাই ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকা, যেমন – হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ ইত্যাদি জায়গায় গাড়িও পার্কিং করা যাবে না।







