খেলাধুলা

চোটে ভাঙছে ভারতের পেস শক্তি, ম্যাঞ্চেস্টার টেস্টে বোলিং আক্রমণে বাধ্যতামূলক রদবদল

ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্টের আগে বড় ধাক্কা খেল ভারতীয় দল। একের পর এক চোটে জর্জরিত পেস বিভাগ নিয়ে গভীর দুশ্চিন্তায় কোচ গৌতম গম্ভীর। অর্শদীপ, নীতীশ, আকাশদীপের চোট এবং বুমরাহর ‘রোটেশন নীতি’র মাঝে ভারত বাধ্য হচ্ছে পেস আক্রমণে বড় রদবদল করতে। এই জটিলতার মাঝে উঠে এল পুরনো নাম—প্রসিদ্ধ কৃষ্ণ। চতুর্থ টেস্টের আগে চোট ও ফিটনেস নিয়ে বোর্ড যা জানাল, তাতে জল্পনার অবসান হলেও বাড়ল নতুন দুশ্চিন্তা।

সোমবার বিসিসিআই নিশ্চিত করেছে, বাঁ হাঁটুতে চোট পেয়ে চলতি সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। তিনি দেশে ফিরে যাচ্ছেন। পরিবর্ত হিসেবে ম্যাঞ্চেস্টারে দলের সঙ্গে যোগ দিয়েছেন অংশুল কম্বোজ। যদিও তিনি একাদশে সুযোগ পাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। অপরদিকে, নেটে বল ধরতে গিয়ে বাঁহাতের আঙুল কেটে চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেছেন অর্শদীপ সিংহ। তবে সিরিজ থেকে পুরোপুরি ছিটকে যাননি তিনি। পঞ্চম টেস্টে ফেরার সম্ভাবনা রয়েছে।

লর্ডসে শেষ টেস্টে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ ও আকাশদীপ। পন্থ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি ফিট। তবে আকাশদীপের পিঠের পুরনো সমস্যা ফিরে এসেছে। স্পেলে বল করার সময়েই বোঝা যাচ্ছিল তিনি পুরো দমে বল করতে পারছেন না। অনুশীলনেও বল করেননি। ফলে চতুর্থ টেস্টে তাঁর খেলা অনিশ্চিত।

বোর্ড সূত্র জানাচ্ছে, বুমরাহ ও আকাশদীপকে একসঙ্গে খেলানো হবে না। আগে থেকেই পরিকল্পনা ছিল বুমরাহ তিনটি টেস্ট খেলবেন। সেই অনুযায়ী ম্যাঞ্চেস্টারে যদি বুমরাহ খেলেন, তবে ওভালে খেলবেন আকাশ। কিন্তু আকাশ না খেলতে পারলে বিকল্প হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণের দলে ফেরা অনিবার্য।

এই পরিস্থিতিতে পেস বিভাগ নিয়ে চাপে ভারত। ইনজুরি ও রোটেশনের মাঝে ভারসাম্য রাখতে গম্ভীরদের সামনে কঠিন চ্যালেঞ্জ। সিরিজের টানটান লড়াইয়ের মধ্যে এই চোট-সংকট ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.