রাজনীতি

একুশের সভায় অভিষেকের হুঙ্কার: “ছাব্বিশে বিজেপিকে বাংলা থেকে উপড়ে ফেলতে হবে”

আজ ২১ জুলাই, তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উপলক্ষে ধর্মতলাতে আয়োজিত হল বার্ষিক সমাবেশ। সেই মঞ্চ থেকেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল সাফ বার্তা ২০২৬-এর বিধানসভা ভোটে বিজেপিকে বাংলার মাটি থেকে উপড়ে ফেলার ডাক।

অভিষেকের বক্তৃতা জুড়ে উঠে এল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, এনআরসি ইস্যু, এবং রাজনৈতিক আক্রমণের নানা দিক। পেগাসাস গোয়েন্দাগিরির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলায় আড়ি পেতেও বিজেপি ফল পায়নি। আমরা যত বাংলায় কথা বলব, ওদের ততই অসুবিধা।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘কালীনাম’ উচ্চারণ প্রসঙ্গ তুলে ধরে অভিষেক পাল্টা কটাক্ষ করেন “এখন জয় কালী বলছে, ছাব্বিশে জয় বাংলা বলাবে। জয় শ্রীরাম ছেড়ে এখন বিজেপিকে জয় দুর্গা বলতে হচ্ছে, এটাই আমাদের জয়।”

তিনি আরও বলেন, “ধর্মের নামে রাজনীতি আমাদের আদর্শ নয়। আমরা কাজের রাজনীতি করি। বিজেপির মতো প্রতিশোধের নয়। কিন্তু বাংলার অপমান সহ্য করব না। এক ইঞ্চিও জমি ছাড়ব না। এবার খেলা নয়, এবার গাছের গোড়া কেটে ফেলা হবে পদ্মফুল উপড়ে ফেলতে হবে।”

অভিষেক অভিযোগ তোলেন, “ভোটার তালিকা নিয়ে কারচুপি করেও বিজেপি বাংলা দখল করতে পারেনি। অসমের মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে বাংলাদেশি বলেন। এসব আর চলবে না। এবার সংসদে নিয়ম করে বাংলায় কথা বলব। দেখি কার কত গায়ে লাগে।”

তিনি ইডি-সিবিআইয়ের ভূমিকাকেও তীব্র কটাক্ষ করে বলেন, “একদিকে বিরোধীদের জেলে পুরছে, আর অন্যদিকে ভুয়ো ভোটার ঢোকাচ্ছে। কিন্তু আমরা ভয় পাই না। গলা কাটলেও ‘জয় বাংলা’ বলব।”

এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূল কর্মী-সমর্থকরা। দলের উদ্দেশে অভিষেকের বার্তা ছিল স্পষ্ট এবার আর শুধুমাত্র লড়াই নয়, ছাব্বিশে নির্বাচনে বাংলায় বিজেপির শেষ সুর বাজিয়ে দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.