জেলা

স্কুলড্রেসেই রণংদেহী ছাত্রছাত্রী! ফ্লাইওভারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ বর্ধমানে”

ফ্লাইওভার না থাকায় প্রতিদিনই সমস্যায় পড়তে হয় স্কুলপড়ুয়া ও সাধারণ মানুষকে। প্রায় দেড় কিলোমিটার ঘুরপথে স্কুলে পৌঁছাতে হয় পড়ুয়াদের, যার ফলে সময় ও পরিশ্রম—দুয়েরই অপচয় হয়। সময়মতো স্কুলে পৌঁছানোও কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতির বিরুদ্ধে মঙ্গলবার সকালে স্কুলের ইউনিফর্ম পরে জাতীয় সড়কে নেমে পড়ে একদল পড়ুয়া।

ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের লাগোয়া বর্ধমান-১ ব্লকের বেলকাশ পঞ্চায়েতের নলা-ডিভিসি মোড় এলাকায়। ১৯ নম্বর জাতীয় সড়কে প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ। প্ল্যাকার্ড হাতে বসে পড়ে স্কুলপড়ুয়ারা। পরে তাঁদের সঙ্গে যুক্ত হন স্থানীয় বাসিন্দারাও।

অবরোধকারীদের দাবি, দীর্ঘদিন ধরে ফ্লাইওভার বা আন্ডারপাস তৈরির দাবি জানানো হলেও প্রশাসনের তরফে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। রাস্তা পার হওয়ার সময় জীবনের ঝুঁকি থাকে, প্রতিদিনই আতঙ্ক নিয়ে যাতায়াত করতে হয়। এই ভোগান্তির অবসান চেয়ে শুরু হয় বিক্ষোভ।

অবরোধের জেরে দুই প্রান্তেই বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রতিনিধিরা। উপস্থিত হন বর্ধমান-১ ব্লকের বিডিও রজনীশ যাদবও। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে প্রশাসনের তরফে ফ্লাইওভার তৈরির আশ্বাস দেওয়া হয়। এরপরেই অবরোধ তুলে নেয় পড়ুয়ারা।

বিডিও জানান, বিষয়টি জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং তারা যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকাবাসীর হুঁশিয়ারি—যদি দ্রুত সমাধান না হয়, তবে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.