বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশী তকমা ! বিজেপি শাসিত একাধিক রাজ্য থেকে এমনই অভিযোগ সামনে আসছে । বাঙালি শ্রমিকদের ঘরের বিদ্যুতের লাইন পর্যন্ত কেটে দেওয়া হয় দিল্লিতে । আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বাংলার মহারাজ ।
বাংলার অনেক খেলোয়াড়ই কাজের জন্য , বা খেলার সূত্রে বাইরের রাজ্যে যায় । সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতি অনুযায়ী একাধিক রাজ্যে বাংলা ভাষাকে কেন্দ্র করে বাঙালিদের হেনস্থা করার বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হলে , তিনি সাফ জানিয়ে দেন,“আমি বাংলায় বড় হয়েছি। কলকাতায় বড় হয়েছি। এই রাজ্যেই আমার সব কিছু। আমি আমারটা বলতে পারি। এর বাইরে কোথায় কী হয়েছে, আমার জানা নেই।”
উল্লেখ্য , বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থা করার বিষয়ে নিয়ে সরব হয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস । চলতি মাসেরই ১৬ তারিখে, বাঙালিদের হেনস্থা করার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজপথে নেমেছিল ঘাসফুল শিবির । এমনকি ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাকও দেন মুখ্যমন্ত্রী । দিনক্ষণও ঠিক করে দেন তিনি । ২৭ জুলাইয়ের পর থেকে প্রতি শনি – রবিবার বাংলা ভাষা নিয়ে হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদেরও ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।







