ক্রাইমরাজ্য

“মহারাষ্ট্রে কুপিয়ে খুন বাংলার পরিযায়ী শ্রমিককে, দেহ টুকরো করে ভাসিয়ে দিল জলে!”

মহারাষ্ট্রের ভাসি থেকে উদ্ধার হল বাদুড়িয়ার এক পরিযায়ী শ্রমিকের টুকরো টুকরো দেহ। নিহত ব্যক্তির নাম আবু বক্কর মণ্ডল (৩৩)। অভিযোগ, তাঁকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে দেহ ছিন্নভিন্ন করে বস্তায় ভরে জলের ডোবায় ফেলে দেওয়া হয়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে ভাসি থানার পুলিশ।

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার অন্তর্গত নারায়ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন আবু বক্কর। কয়েক বছর আগে জীবিকার সন্ধানে মহারাষ্ট্রে পাড়ি দেন। স্ত্রীকে নিয়ে ভাসির ওয়াসিগাঁও এলাকায় ভাড়া থাকতেন এবং রাজমিস্ত্রির কাজ করতেন। পরিবার সূত্রে খবর, গত রবিবার (২০ জুলাই) সন্ধ্যার পর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোনও ছিল বন্ধ।

বাধ্য হয়ে তাঁর পরিবার ভাসি থানায় নিখোঁজ ডায়েরি করে। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। অবশেষে মঙ্গলবার, তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় আবু বক্করের দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, দেহটি চরম নৃশংসতায় টুকরো টুকরো করা হয়েছিল।

দেহ শনাক্ত করেন আবু বক্করের পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের পর কফিনবন্দি দেহ বৃহস্পতিবার রাতে বাদুড়িয়ায় আনা হয়। দেহ বাড়ি পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর মা, বাবা সহ আত্মীয়রা। রাতেই স্থানীয় কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হয়।

মৃতের জামাইবাবু শাহানুর গাজি বলেন, “ওকে যেভাবে খুন করা হয়েছে, তা ভাবতেও গা শিউরে উঠছে। আমরা দোষীদের ফাঁসি চাই। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, দোষীদের কঠোরতম শাস্তি হোক।”

পুলিশ এখনও অবধি হত্যার মোটিভ বুঝে উঠতে পারেনি। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এটি কোনও ব্যক্তিগত শত্রুতা, শ্রমিকদের মধ্যে বিবাদ, না কি অন্য কোনও বড় ষড়যন্ত্রের অংশ। ইতিমধ্যেই আবু বক্করের সহকর্মী ও পরিচিতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ভাসি থানার পুলিশ।

এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে বাদুড়িয়া সহ উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.