বিশ্বজয়ী ধোনির মাঠে এবার পা রাখবেন বিশ্বজয়ী মেসি। ১৪ ডিসেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম রূপ নিতে চলেছে এক অনন্য মহাযজ্ঞের মঞ্চে।
ভারতে প্রথমবারের মতো পা রাখতে চলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। ১২ ডিসেম্বর তাঁর ভারতযাত্রা শুরু হবে। ১৩ ডিসেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর, সেদিন রাতেই তিনি রওনা হবেন আহমেদাবাদের উদ্দেশ্যে, যেখানে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে রয়েছে একটি ব্যক্তিগত অনুষ্ঠান।
এরপর ১৪ ডিসেম্বর মেসি পৌঁছাবেন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, যেখানে তৈরি হচ্ছে অভিনব এক স্মরণীয় মুহূর্তের জন্য। শুধু ফুটবলপ্রেমীরাই নয়, বলিউড থেকে ক্রিকেট – সমস্ত মহলেই তৈরি হচ্ছে উন্মাদনার ঢেউ। মেসির জন্য তৈরি হচ্ছে এক ‘রাজসূয় উৎসব’!
মাঠে মুখোমুখি বলিউড ও ক্রিকেট তারকারা:
মেসির সামনে খেলার সুযোগ মিস করতে চাইছেন না কেউই। একটি ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করা হয়েছে বলিউড তারকাদের নিয়ে, যেখানে মেসির সামনে খেলবেন রণবীর কাপুর, টাইগার শ্রফ, শাহরুখ খান-সহ আরও অনেকে। সেই ম্যাচেই বল হাতে দেখা যেতে পারে মহেন্দ্র সিং ধোনিকে। থাকবেন রোহিত শর্মাও। মাঠে হাজির থাকতে পারেন আরও কয়েকজন ভারতীয় ক্রিকেটার।
ফুটবলের ছোট্ট শিক্ষায় মেসির ছোঁয়া:
ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই দিন আয়োজন করা হবে এক ফুটবল ক্লিনিকের, যেখানে মুম্বইয়ের একাধিক জুনিয়র ফুটবলার মেসির কাছ থেকে শিখবেন ফুটবলের টেকনিক্যাল দিক। মাঠ ঘুরে সাধারণ দর্শকদের অভিবাদন জানাবেন মেসি নিজেই।
‘মিট অ্যান্ড গ্রিট’—দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ:
সেদিনই থাকবে একটি ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশন, যেখানে মেসির সঙ্গে দেখা করার সুযোগ পাবেন বাছাই করা দর্শকরা। থাকবে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস, মহেন্দ্র সিং ধোনি, শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতি ও ক্রীড়া জগতের মহাতারকারাও। এই অনুষ্ঠানে অংশ নিতে দর্শকদের কিনতে হবে নির্দিষ্ট টিকিট, যার বিক্রির দিনক্ষণ জানার জন্য ইতিমধ্যেই মুম্বইবাসীর মধ্যে তৈরি হয়েছে প্রবল আগ্রহ।
ভারতে মেসির আগমন, শুধু একটি সফর নয় – এক ঐতিহাসিক মুহূর্ত। আর ওয়াংখেড়ের সেই সন্ধ্যা হতে চলেছে অবিস্মরণীয়।
আপডেটের জন্য নজর রাখুন আমাদের পোর্টালের উপর। মেসি-জ্বরে কাঁপতে চলেছে গোটা ভারত!







