এপ্রিলের গোড়াতেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তাইওয়ান। ভূমিকম্প এতটাই জোরাল ছিল যে সুনামির সতর্কতাও জারি করা হয়েছিল। এমাসের শুরুর সেই ভূমিকম্পের রেশ কাটিয়ে ওঠার আগেই ফের ধাক্কা। আবারও জোরাল ভূমিকম্পে কাঁপল তাইওয়ান।পরপর দুইবার,দুটি ভূমিকম্পই ছিল শক্তিশালী। শনিবার মধ্য রাতে তাইওয়ানের পূর্বে অবস্থিত হুয়ালিনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। এতটাই জোরে ভূমিকম্প হয় যে তাইওয়ানের রাজধানী তাইপেই অবধিও ভূমিকম্প অনুভূত হয়।
এর আধ ঘণ্টা পরেই দ্বিতীয় ভূমিকম্প হয়। এবার রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। প্রথম কম্পনটি ফিলিপিন্স সাগরের গভীরে হয়, দ্বিতীয় কম্পনটির উৎস আবার ছিল হুয়ালিন উপকূল সাগরের ১৮.৯ কিলোমিটার গভীরে। হুয়ালিন ছাড়াও ইলান, নানতুও, হশিনচু, তাইচুং, তাওউয়ান ও নিউ তাইপেই-তেও ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায় নি। তবে জোরাল ভূমিকম্প হওয়ায়, একাধিক জায়গায় বাড়িঘরে ক্ষয়ক্ষতি হওয়ার কথা জানা গেছে।







