আজ, সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারাদের নিয়ে গঠিত এই মঞ্চ জানিয়েছে, অভিযানের পরিকল্পনায় কোনও পরিবর্তন হয়নি। রবিবার সাংবাদিক সম্মেলন করে আন্দোলনকারীরা স্পষ্ট বার্তা দিয়েছেন— প্রশাসনের ভয় দেখানো সত্ত্বেও তারা আন্দোলনে অনড়।
আজ দুপুর ১২টা থেকে হাওড়া স্টেশনে জমায়েত শুরু হবে। সেখান থেকে মিছিল রেলওয়ে মিউজিয়াম, রেলওয়ে রোড, রামকৃষ্ণ ঘাট, ফরসর রোড, কাজীপাড়া মোড় হয়ে নবান্নের দিকে এগোবে। মঞ্চের তরফে দাবি করা হয়েছে, পুলিশের তরফে কর্মসূচি আটকানোর চেষ্টা চলছে।
চাকরিহারা প্রার্থী দেবাশিষ বিশ্বাস বলেন, “পুলিশ যতই ভয় দেখাক, আমরা পথ থেকে সরছি না।”
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক অনিরুদ্ধ ভট্টাচার্য অভিযোগ করেন, “৬ লক্ষ শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ হচ্ছে না। ওবিসি বাদ দিয়ে কিছু নিয়োগ শুরু হলেও তা প্রহসন। এসএসসি দুর্নীতিতে চাকরি হারানো শিক্ষকদের সুবিচার মেলেনি। ডিএ মিলছে না, অথচ একের পর এক প্রকল্প শুরু হচ্ছে।”
তিনি আরও জানান, আন্দোলন ঠেকাতে পুলিশ ও সরকার মিথ্যাচার করছে। কিছু ব্যবসায়িক সংগঠনের মাধ্যমে আদালতে মামলা করিয়ে মঞ্চকে পক্ষ করা হলেও, কোনও নোটিস তাদের হাতে পৌঁছায়নি বলে দাবি। “আমরা হাইকোর্টে যাইনি, নিষেধাজ্ঞাও নেই। পুলিশ সহযোগিতা না করলে, দায় তাদেরই থাকবে,” বলেন অনিরুদ্ধ।
আজকের মিছিল ঘিরে হাওড়া ও নবান্ন সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের তরফে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নজর রাখা হবে বলে জানা গিয়েছে।







