আজ লোকসভায় হতে চলেছে এক ঐতিহাসিক আলোচনা। পহেলগাঁও সন্ত্রাস হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে বরাদ্দ হয়েছে ১৬ ঘণ্টা। সংসদে বিরোধী শিবিরের দীর্ঘদিনের দাবি মেনে এই আলোচনার আয়োজন করছে কেন্দ্র। আলোচনায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং।
এর আগেই বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু। জানিয়েছেন, সোমবার লোকসভায় এবং মঙ্গলবার রাজ্যসভায় চলবে এই বিশেষ অধিবেশন।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় শহিদ হন একাধিক জওয়ান। সেই ঘটনার পরই ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত, যার আন্তর্জাতিক প্রতিক্রিয়াও জোরালো হয়েছিল। সংসদে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হবে।
বিরোধী দলগুলির জোরালো দাবিতে সেই প্রতিশ্রুতিই পূরণ হচ্ছে আজ। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন প্রশ্ন তুলেছিলেন অপারেশনে আমেরিকার ভূমিকা নিয়ে, তেমনই কংগ্রেস, ডিএমকে-সহ অন্যান্য বিরোধী দলও চাইছিল বিশদ আলোচনা।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এই আলোচনার মধ্য দিয়ে অপারেশন সিঁদুরের কৌশল, সময়োপযোগিতা এবং কূটনৈতিক প্রভাব বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন প্রতিরক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এত দীর্ঘ সময় ধরে কোনও সামরিক প্রতিঘাত নিয়ে এর আগে সংসদে আলোচনা হয়নি। আজকের এই অধিবেশন শুধু রাজনৈতিক নয়, কূটনৈতিক স্তরেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে বলে মনে করা হচ্ছে।
সবচে বড় কথা, অপারেশন সিঁদুরকে ঘিরে আজকের সংসদই হয়ে উঠতে চলেছে জাতীয় নিরাপত্তা ও ঐক্যের প্রতীক।







