চাকরি প্রার্থী, চাকরিহারা এবং সরকারি কর্মীদের যৌথ মঞ্চের ডাকে ‘নবান্ন চলো’ অভিযানের জেরে সোমবার সকাল থেকেই থমথমে চেহারা নেয় হাওড়া। চাকরি ফিরে পাওয়া, শূন্য পদে নিয়োগ এবং বকেয়া ডিএ-সহ একাধিক দাবি তুলে এই আন্দোলনে শামিল হন বহু মানুষ। যদিও পুলিশের পক্ষ থেকে এই জমায়েতের কোনও অনুমতি দেওয়া হয়নি।
তবুও আন্দোলনকারীরা নিজেদের দাবি নিয়ে অটল থাকেন। সকাল থেকেই হাওড়ার বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় এলাকা। একাধিক জায়গায় বিশালাকার ব্যারিকেড খাঁড়া করে পুলিশ। কিন্তু আন্দোলনকারীদের মনোবল তাতে টলায়নি। তাঁরা ব্যানার, প্ল্যাকার্ড, ও প্রতীকী নবান্ন হাতে মিছিল শুরু করেন হাওড়া স্টেশন এলাকা থেকে।
ফোরশোর রোডের কাছে পুলিশ মিছিল আটকে দেয়। এরপরই রাস্তাতেই বসে পড়েন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে তাঁদের কথাবার্তা হলেও কোনও ইতিবাচক সমাধানে পৌঁছনো যায়নি। ফলে তাঁরা জানিয়ে দেন পথে বসেই আন্দোলন চালিয়ে যাবেন, কোনওভাবেই সরবেন না।
পাশাপাশি, পুলিশ বারবার মাইকিং করে জানায় যে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই জমায়েত বেআইনি। মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির তরফে দায়ের মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট করে দিয়েছেন অনুমতি না থাকায় ২৮ জুলাই কোনও জমায়েত করা যাবে না। নির্দেশ অমান্য করলে, আইনানুগ ব্যবস্থা নেওয়ার ছাড়পত্রও রয়েছে পুলিশের হাতে।
তবুও পথে নামা আন্দোলনকারীদের জেদ- ‘পথেই প্রতিবাদ, পথেই অবস্থান। ‘ ফলে প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংঘাতের আশঙ্কা থেকেই যাচ্ছে।







