মোহিত সুরি পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সাঁইয়ারা’ এখন বক্সঅফিসে এককথায় দাপিয়ে বেড়াচ্ছে। মাত্র ১০ দিনের মধ্যেই ছবিটি রেকর্ড পরিমাণ আয় করে ফেলেছে। আহান পান্ডে এবং অনীত পাড্ডা অভিনীত এই রোম্যান্টিক ছবিটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বহু সমালোচক একে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা প্রেমের ছবি বলেও আখ্যা দিয়েছেন। পরিচালক, অভিনেতা-অভিনেত্রীরা যেমন প্রশংসায় ভাসছেন, তেমনই ছবির সংগীতও দর্শকদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে।
তবে এই সাফল্যের মাঝেই উঠে এসেছে এক ভিন্ন সুর। ছবির সঙ্গীত পরিচালক ও জনপ্রিয় গায়ক তনিষ্ক বাগচী প্রকাশ্যে জানালেন তাঁর দীর্ঘদিনের ক্ষোভ ও অভিমান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তনিষ্ক জানান বলিউডে ১৫ বছর কাজ করেও তিনি প্রাপ্য স্বীকৃতি থেকে বঞ্চিত। তনিষ্ক বলেন,”আমি ১৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি। আমি অনেক হিট ছবি করেছি। শাহরুখ স্যারের সঙ্গে হোক বা আমির স্যারের সঙ্গে, কেউ ভাবে না যে, আমি এই গানটা কীভাবে তৈরি করেছি। তাঁরা শুধু অভিনেতা এবং পরিচালকদের প্রচার করেন। কারণ আমাদের মতো লোকেরা এত সামাজিক নয়। তাই আমরা আমাদের কাজের কথা বলি না।”
তাঁর মতে, সঙ্গীত পরিচালকরা দিনের পর দিন পরিশ্রম করে, কিন্তু সিনেমার পোস্টার কিংবা মূল প্রচারে তাঁদের নাম প্রায়শই অনুপস্থিত থাকে। “আমি গান বানাই, কিন্তু ঢাক পিটিয়ে বলি না যে, এটা আমি বানিয়েছি। কারণ আমার স্বভাবে সেটা নেই। আমরা অনেক পরিশ্রম করি। কিন্তু তার কোনও স্বীকৃতি পাওয়া যায় না। আমাদের কাজের প্রচার হলেও, সিনেমার পোস্টারেও আমাদের নাম থাকে না। অথচ আমরা সোশ্যাল মিডিয়ায় সিনেমা সংক্রান্ত পোস্ট শেয়ার করি, সিনেমাটার প্রচার করি”, বলেন তনিষ্ক। এই বক্তব্য শুধু তনিষ্কের একার নয়, বরং অনেক সঙ্গীত পরিচালক ও গীতিকারদের অভিজ্ঞতা এটাই। দীর্ঘদিন ধরে বলিউডে ‘গ্ল্যামার’ ভাগ হয়ে গেছে শুধু মুখচেনা তারকাদের মধ্যে।
তনিষ্কের এই বক্তব্য নতুন আলো ফেলেছে ইন্ডাস্ট্রির এক পুরনো সমস্যার ওপর, কীভাবে ছবির মূল কারিগরদের স্বীকৃতি দেওয়া হয় না বা তাঁদের অবদান যথাযথভাবে প্রচার পায় না। ‘সাঁইয়ারা’-র মতো একটি হিট ছবির সাফল্যের পিছনে যেখানে গান অন্যতম হাতিয়ার, সেখানে সুরকারের নাম না থাকাটা নিঃসন্দেহে এক চিন্তার বিষয়।







