বর্তমান সমাজে নতুন নতুন কনটেন্ট এর সিনেমা আসছে, যা দর্শকদের পছন্দও হচ্ছে। স্টোরি যেমনই হোক না কেনো, প্রায় সব ধরণের সিনেমা বক্স অফিসে ভালোই ব্যবসা করছে। কিন্তু বর্তমান সমাজে নেগেটিভ বা ডার্ক ক্যাটাগরি অর্থাৎ ‘অ্যানিমাল’বা ‘মার্কো’এর মতো‘স্ল্যাশার’, ‘ ব্রুটাল’ কন্টেন্ট বেশী পছন্দ করছেন দর্শকেরা। জানা গিয়েছে, এমনই এক ছবি তৈরি হতে চলেছে বাংলায়। বাংলা ছবির পরিচালক দেবালয় ভট্টাচার্য জানিয়েছেন, তার নতুন ছবি ‘ভুগুন’হতে চলেছে ‘স্ল্যাশার’ সিনেমা। তিনি জানান, এ ছবির হাত ধরেই বাংলায় পা রাখছেন বলিউডের কাস্টিং ডিরেক্টর ও‘হাথোড়া ত্যাগী’খ্যাত অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুলাই মাসের ৩০ তারিখ থেকে শুরু হতে চলেছে এই ছবির শুটিং। এই ছবিতে অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও দেখা যাবে অভিনেতা টোটা রায়চৌধুরীকে।
পরিচালক দেবালয় বলেন ‘স্ল্যাশার’ ছবির ক্ষেত্রে ছবির শেষে এক বা একাধিক ব্যক্তি বিভিন্ন কারণে একের পর এক খুন করতে থাকে। এই ছবি নিয়ে খুব উৎসাহিত তিনি। ইতি মধ্যেই শুটিংয়ের জায়গা খুঁজতে ধান্যকুড়িয়া, বানতলা-সহ আরও অনেক জায়গার খোঁজ লাগাচ্ছেন তিনি।







