আমেরিকার আলাস্কায় ফের বিমান দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার পশ্চিম আলাস্কার একটি প্রত্যন্ত এলাকায় রাডার সাইটের কাছে ৮ জনকে নিয়ে একটি চার্টার বিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরই শুরু হয়েছে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসনের দেওয়া তথ্য অনুযায়ী, বিমানটিতে ছিলেন দু’জন পাইলট এবং ছ’জন যাত্রী। তবে দুর্ঘটনার পর তাঁদের কী অবস্থা, সেই বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।
জানা গিয়েছে, দুই ইঞ্জিনের সেসনা বিমানটি অ্যাঙ্কোরেজ থেকে উড়েছিল। বৃহস্পতিবার দুপুরের দিকে কেপ নিউএনহামের কাছে অবতরণের সময়ই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম হওয়ায় উদ্ধারকারী দলের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।
বিমানটি কেপ নিউএনহাম লং রেঞ্জ রাডার সাইটের কাছাকাছি ভেঙে পড়ার খবর পাওয়ার পর আলাস্কা রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারের নেতৃত্বে অনুসন্ধান শুরু হয়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিমানটির ভিতরে থাকা ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকপ্রকাশ করেছেন রিপাবলিকান সেনেটর লিসা মুরকোস্কি। তিনি জানিয়েছেন, আলাস্কার দুর্গম এলাকায় বিমান পরিষেবার গুরুত্ব তিনি ব্যক্তিগতভাবেই জানেন। দুর্ঘটনায় বিমানে থাকা যাত্রী, তাঁদের পরিবার এবং সংশ্লিষ্ট বিমান সংস্থার কর্মীদের জন্য সমবেদনা জানিয়েছেন তিনি।
উদ্ধার অভিযানে মার্কিন কোস্ট গার্ড, এনটিএসবি, আলাস্কা স্টেট ট্রুপার্স এবং রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারের কর্মীরা যুক্ত হয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ কী এবং বিমানে থাকা আট জনের বর্তমান পরিস্থিতি কী, তা জানতে তদন্তের পাশাপাশি উদ্ধার অভিযানও চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।







