বিনোদন

মহালয়ার সূর্যোদয়ে ফের কোয়েল মল্লিকের দেবী রূপের আবির্ভাব, অপেক্ষায় দর্শকমহল

মহালয়া মানেই বাঙালির কাছে আবেগ, স্মৃতি আর নস্ট্যালজিয়ার এক মেলবন্ধন। প্রতি বছর মহালয়ার আগেই দর্শকদের মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করে— এ বছর টেলিভিশনের পর্দায় ‘মহিষাসুরমর্দিনী’ রূপে কাকে দেখা যাবে? সেই কৌতূহলের অবসান এবার আনলেন টলিউড তারকা কোয়েল মল্লিক। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করেছেন এবারের মহালয়ার শুটিংয়ের কিছু ঝলক। যদিও প্রথমে কোন চ্যানেলের হয়ে তিনি এই চরিত্রে অভিনয় করছেন, তা প্রকাশ করেননি। তবে সম্প্রতি স্টার জলসার প্রোমো মুক্তি পাওয়ার পর স্পষ্ট হয়ে গিয়েছে— ফের দেবী রূপে দর্শকদের মন জয় করতে আসছেন কোয়েল।

তবে কোয়েলের এই রূপ নতুন নয়। ২০১৫ সালে প্রথম ‘মহিষাসুরমর্দিনী’ রূপে তাঁকে দেখা গিয়েছিল জি বাংলার পর্দায়। তার পর ২০১৭ সালে স্টার জলসার ‘দুর্গা দুর্গতিনাশিনী’ অনুষ্ঠানে, এবং ২০১৮, ২০১৯, ২০২১ ও ২০২৩ সালেও বারবার ‘দেবী দুর্গা’ হয়ে ধরা দিয়েছেন তিনি। এ বছর পঁচিশে ভোরেও ফের কোয়েলেই ভরসা রেখেছে স্টার জলসা। তবে এবার আরও কিছু নতুন চমক রয়েছে।

প্রোমোতেই আভাস মিলেছে— কোয়েলের অভিনয়ে এবার আরও বেশি মহিমা, আরও বেশি শক্তির অনুভব। শুধু কোয়েলই নন, মহালয়ার বিশেষ এই অনুষ্ঠানে রয়েছেন তৃণা সাহা— যিনি থাকছেন অন্নপূর্ণার চরিত্রে। পাশাপাশি শিবরূপে দেখা যাবে ‘পরশুরাম’ খ্যাত ইন্দ্রজিৎ বসুকে।

একসময় মহালয়ার শুটিং নিয়ে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে কোয়েল জানিয়েছিলেন, এই চরিত্রে অভিনয় করার সময় তাঁর মধ্যে এক অনন্য শক্তি কাজ করে। দুর্গার সাজে নিজেকে মগ্ন করে তোলেন তিনি। পাশাপাশি, মহালয়ার দিন নিয়ে তাঁর ছোটবেলার স্মৃতিও ভাগ করে নিয়েছেন। তিনি বলেছিলেন, “বাবা রেডিওতে মহালয়া চালিয়ে দিতেন। সেই মহালয়ার ধ্বনিতে ঘুম ভাঙত। চোখ খুলেই শুনতাম মহালয়ার স্তোত্র। এখনও সেই স্মৃতি ফিরে আসে, মনে হয় আবার ছোটবেলাতে ফিরে গেলাম।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.