লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে বিতর্ক চলাকালীন কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরাসরি রাহুল গান্ধীর নাম করে কংগ্রেস নেতৃত্বকে বিঁধলেন তিনি। তুলে ধরলেন ইউপিএ সরকারের আমলে দেশের মাটিতে ঘটে যাওয়া একের পর এক বড়সড় জঙ্গি হামলার পরিসংখ্যান।
শাহ বলেন,
“২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত ২৭টি বড় জঙ্গি হামলায় শহিদ হয়েছেন এক হাজারেরও বেশি ভারতীয়। তখন কংগ্রেস সরকার কী করেছিল?”
তিনি কংগ্রেসের ‘নীরবতা’র নীতির সমালোচনা করে বলেন, সন্ত্রাসবাদের মোকাবিলায় পূর্বতন সরকার কার্যত নিষ্ক্রিয় ছিল।
শুধু তাই নয়, আন্তর্জাতিক মঞ্চে ভারতের স্বার্থরক্ষায় কংগ্রেস কীভাবে ব্যর্থ হয়েছিল, সেই উদাহরণও তুলে ধরেন শাহ। তাঁর দাবি,
“নেহরু একসময় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ নাকচ করেছিলেন চিনের স্বার্থে। এমনকি সিন্ধু চুক্তির মাধ্যমে পাকিস্তানকে দেওয়া হয়েছিল ৮০ শতাংশ জল।”
বর্তমান সরকারের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন,
“আমরা মনমোহন সিংয়ের সরকার নই। আমরা চুপ করে বসে থাকি না। সীমান্তে জঙ্গিদের গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় বাহিনী। অপারেশন মহাদেব থেকে অপারেশন সিঁদুর—সব প্রমাণ। ৯ মে পাকিস্তানের ১১টি বিমানঘাঁটিতে আমাদের আক্রমণেই কম্পন উঠেছিল।”
শাহের এই বক্তব্যে যখন উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা, তখন তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন,
“জঙ্গিরা মরলে কারও কারও মন খারাপ হয়ে যায়। ধর্ম দেখে সহানুভূতির রাজনীতি এবার বন্ধ হোক।”
তিনি আরও জানান, অপারেশনে নিহত তিন জঙ্গির পাকিস্তানি নাগরিকত্ব নিশ্চিত হয়েছে ফরেনসিক ও স্বীকারোক্তির ভিত্তিতে।
কাশ্মীর থেকে সন্ত্রাসের মূলোৎপাটনই এখন সরকারের অটল সংকল্প—এ কথা স্পষ্ট করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।







