আলিপুরদুয়ারগামী চলন্ত ট্রেনে ধোঁয়া দেখা যাওয়ার ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়াল কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। কিছুক্ষণের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায় যাত্রীদের মধ্যে।
সূত্রের খবর, এদিন সকাল ৮টা ৪০ মিনিটে বাগডোগরা স্টেশনে এসে পৌঁছয় শিয়ালদা-আলিপুরদুয়ার আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ঠিক ৮টা ৪২ মিনিটে ছাড়ার সময় এস-২ কামরার নীচ থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন রেলযাত্রীরা। এরপর সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। ট্রেনটি থামার পর তড়িঘড়ি দূর্ঘটনাস্থলে পৌঁছায় রেলের আধিকারিকরা। কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৯টা ১২ মিনিটে ট্রেনটি বাগডোগরা থেকে আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা করানো হয় বলে সূত্র মারফত খবর।







