দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল হরিদেবপুর গণধর্ষণ মামলার অন্যতম অভিযুক্ত দেবাংশু বিশ্বাস। শুক্রবার গভীর রাতে দেশপ্রিয় পার্কের কাছে গ্রেপ্তার করা হয় তাকে। তদন্তকারীরা জানাচ্ছেন, পরিবারকে নজরে রেখেই এই ফাঁদ পাতা হয়েছিল। অর্থাভাবে জর্জরিত দেবাংশুর মা-র সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি। সেই সূত্র ধরেই আচমকা কলকাতায় ফেরে অভিযুক্ত। সুযোগের সদ্ব্যবহার করে হাতেনাতে পাকড়াও করে পুলিশ।
প্রসঙ্গত, মামলার অন্য অভিযুক্ত চন্দন মালিককে ইতিমধ্যেই বর্ধমান স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু দেবাংশুকে আটক করা ছিল তদন্তকারীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সূত্রের খবর, ঘটনার পর থেকেই সে রাজ্য ছেড়ে পালিয়ে যায়। প্রথমে দিল্লি এবং পরে উত্তরপ্রদেশে আত্মগোপন করে ছিল। অবশেষে পরিবারের গতিবিধির উপর নজরদারি চালিয়েই পুলিশ সফল হল অভিযুক্তকে ধরতে। উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর রাতে অভিযুক্তরা পার্টির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে রিজেন্ট পার্কের একটি ফ্ল্যাটে ডেকে নেয় বলে অভিযোগ। সেখানে গণধর্ষণের শিকার হন ওই তরুণী। কোনওমতে বাড়ি ফিরে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এরপর থেকেই নড়েচড়ে বসে পুলিশ। চন্দনের গ্রেপ্তারের পর দেবাংশুকে ধরাই ছিল মূল লক্ষ্য। অবশেষে কলকাতায় ফিরে আসতেই পুলিশের জালে ধরা দিল প্রধান অভিযুক্ত।







