নিজস্ব সংবাদদাতা : কয়লা পাচারকারী মামলায় আগামী ১৯ শে জুন বাংলার আইনমন্ত্রী মলয় ঘটককে ডেকে পাঠালো ইডি। ইনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডির দপ্তরে তাকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। ইডি সূত্রে খবর, হাতে ১৫ দিন সময় রেখে মলয় ঘটকে জিজ্ঞাসাবাদের নোটিশ পাঠানো হয়েছে। অন্যদিকে কয়লা পাচার মামলাতেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়কেও তলব করার উদ্দেশ্যে ডেকে পাঠিয়েছে ইডি। রুজিরাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আগামী বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে।
আদালতের তরফে জিজ্ঞাসাবাদের জন্য আইনমন্ত্রীকে মেল এর মাধ্যমে দিল্লিতে হাজির হওয়ার কথা জানানো হয়। বারবার মেইল পাঠানোর পরেও তিনি কোন উত্তর দেননি। তবে শেষবার তিনি নিজেই জানান যে তিনি ঐদিন দিল্লিতে এসে তদন্তে সহযোগিতা করবেন। ইডির তরফ থেকে বারবার ডেকে পাঠানোর জন্য আইন মন্ত্রী মলয় ঘটক দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেখানে ইডি পাল্টা অভিযোগ তোলে, যে ন- বার তাকে মেল পাঠানোর পরও তিনি কোন উত্তর দেননি যা মূলত অপরাধ। অন্যদিকে মলয় ঘটকের আইনজীবী বলেন যে একজন আইনমন্ত্রী হিসেবে তিনি অত্যন্ত ব্যাস্ত আর এই ব্যস্ততার কারণে তিনি মেলের জবাব দিতে পারেননি। দুই পক্ষের মন্তব্য শুনে দিল্লি হাইকোর্টের বিচারপতি জানান, ইডির তরফ থেকে তাকে আবার মেল পাঠানো হবে। যেহেতু মলয় ঘটক বড় দায়িত্বের সাথে যুক্ত তাই যেদিন তলব করা হবে তার ১৫ দিন আগে তাকে নোটিশ পাঠাতে হবে। সেই অনুযায়ী আগামী ১৯ শে জুন জিজ্ঞাসাবাদের জন্য মলয় ঘটক কে দিল্লিতে হাজির থাকার কথা মেল এর মাধ্যমে জানিয়েছে ইডি। আইনমন্ত্রী হিসেবে প্রচন্ড ব্যস্ততা থাকার কারণে মলয় ঘটকের আইনজীবী বিচারপতির কাছে এই জিজ্ঞাসাবাদ কলকাতাতেই সেরে ফেলার আর্জি জানান তবে এই আর্জি এখনও দিল্লি হাইকোর্টের বিচারাধীন।







