জেলারাজনীতি

তৃণমূল পঞ্চায়েত সদস্যকে এলোপাথাড়ি কুপিয়ে খুন, চাঞ্চল্য কোন্নগর কানাইপুরে — নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে প্রশাসন

হুগলি জেলার কোন্নগরের কানাইপুরে প্রকাশ্য রাস্তায় নৃশংস খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য। ধারাল অস্ত্র দিয়ে একের পর এক কোপ মেরে খুন করা হল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীকে। পিন্টু ওরফে মুন্না চক্রবর্তীকে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে কলকাতার SSKM-এ নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থল: অফিস থেকে বাড়ি ফেরার পথেই মৃত্যু ফাঁদ
সূত্রের খবর অনুযায়ী, বুধবার সন্ধ্যায় কাজ সেরে ফেরার পথে কানাইপুর অটোস্ট্যান্ডের কাছে আচমকাই চড়াও হয় একদল দুষ্কৃতী। ধারাল অস্ত্র নিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। প্রচুর রক্তক্ষরণ হয়। রাস্তায় লুটিয়ে পড়েন পিন্টু চক্রবর্তী। এলাকাবাসীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, পরে অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় SSKM-এ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নার এলাকায় যথেষ্ট প্রভাব ছিল। কানাইপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছেলাল যাদবের ঘনিষ্ঠ ছিলেন তিনি। যদিও সম্প্রতি তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল বলে শোনা যাচ্ছে। পঞ্চায়েতে তাঁর মতামত মেনে চলতেন অনেকেই। তাই হঠাৎ করে এই নৃশংস খুনে রাজনৈতিক চক্রান্তের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অনেকেই।

খবর ছড়াতেই রাতেই ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উপস্থিত হন কানাইপুর পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ সহ তৃণমূল নেতৃত্ব। ঘটনার স্থানে আলো ছিল খুবই কম। আশপাশে নিরাপত্তা ব্যবস্থা একেবারেই ছিল না বলে অভিযোগ। ওই রাস্তা দিয়েই নিয়মিত যাতায়াত করেন খোদ পরিবহণ মন্ত্রীও। এলাকাটি একটি মদের দোকানের কাছাকাছিও। ফলে এলাকাবাসীদের অভিযোগ—পূর্ব পরিকল্পিত না হলে এ ধরনের হামলা এত সাহসে সম্ভব নয়।

পিন্টু চক্রবর্তীর মৃত্যু ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা। ব্যক্তিগত শত্রুতা, পঞ্চায়েতের অভ্যন্তরীণ কোন্দল, নাকি দলীয় অন্তর্ঘাত—সব সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এই খুনের ঘটনায় তীব্রভাবে প্রশ্নের মুখে পড়েছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা। সাধারণ মানুষের প্রশ্ন—যেখানে মন্ত্রীর যাতায়াত হয়, সেখানেই যদি প্রকাশ্যে পঞ্চায়েত সদস্য খুন হন, তাহলে বাকিদের নিরাপত্তা কোথায়?

পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে এর পিছনে রাজনৈতিক প্রেক্ষাপট কতটা, তা জানতে হলে আরও কিছু সময় অপেক্ষা করতেই হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.