হুগলি: খানাকুলের চিংড়া সমবায় সমিতিতে ডেপুটেশন দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। অভিযোগ, সমবায় সমিতির ম্যানেজার তথা তৃণমূল নেতাকে উদ্দেশ্য করে প্রকাশ্য সভায় অশ্রাব্য ভাষায় আক্রমণ করেন তিনি। ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল, যদিও বক্তব্যের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বিজেপি কর্মীসমর্থকেরাও।
বুধবার, চিংড়া সমবায় সমিতির ম্যানেজার প্রভুনাথ পোড়েলের বিরুদ্ধে কৃষকদের টাকা তছরুপের অভিযোগ তুলে সমবায়ের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। সেই কর্মসূচিতে উপস্থিত থেকেই বক্তব্য রাখেন বিধায়ক সুশান্ত ঘোষ।
সেই বক্তৃতায় তিনি বলেন,
“কৃষকদের টাকা লুট করে মদ-মাংস চলছে। তোর বাপের টাকা নাকি রে!”
এরপর জনতাকে উদ্দেশ্য করে বলেন,
“ওকে (ম্যানেজারকে) যদি কেউ সামনে পায়, বেঁধে রাখিস। পালাতে না পায়।”
সঙ্গে চলে “তুই তোকারি”, “বাপ বাপান্ত”— একাধিক আপত্তিকর শব্দচয়ন। বক্তব্যের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল।
ঘটনার নিন্দা করে তৃণমূলের খানাকুল ২ নম্বর ব্লকের সভাপতি রমেন প্রমাণিক বলেন,
“বিধায়ক এখন আতাল-মাতালদের নিয়ে ফিস্ট করছেন, আর নাম দিচ্ছেন সমবায় ঘেরাও। উনি জানেন এবার আর ফিরবেন না। তাই চূড়ান্ত হতাশা থেকেই এই ভাষা প্রয়োগ।”
তবে বিধায়ক নিজের বক্তব্যে অনড়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন,
“এটা ভাষা সন্ত্রাস নয়। এটা মানুষের মনের কথা। যাঁদের টাকা লুট হয়েছে, যাঁরা প্রতিদিন প্রশাসনের কাছে ধর্ণা দিচ্ছেন, তাঁদের যন্ত্রণা থেকেই এই ভাষা উঠে এসেছে। কাল রাতভর বোমাবাজি হয়েছে ওই এলাকায়। আইনকানুন বলে কিছু নেই!”
বিধায়কের এই মন্তব্যকে সমর্থন জানিয়ে এলাকার বিজেপি কর্মীরা বলেন,
“যখন শাসকদলের নেতারা গালাগালি করেন, তখন কেউ কিছু বলে না। তাহলে এখন কেন এত রেগে উঠেছে তৃণমূল?”
এই ঘটনার জেরে খানাকুলে রাজনৈতিক উত্তেজনা চরমে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে স্থানীয় প্রশাসন।







