বিহারের খসড়া ভোটার তালিকা ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে এই তালিকা থেকে। তালিকা প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই আরজেডি নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব নিজেই দাবি করেন, তাঁর নামও বাদ পড়েছে। শনিবার পটনায় সাংবাদিক বৈঠকে নির্বাচনী কমিশনের উদ্দেশে কটাক্ষ ছুঁড়ে তিনি বলেন,
“এখন আমি নির্বাচনে দাঁড়াব কীভাবে?”
তেজস্বী সাংবাদিক বৈঠকে নিজের ফোনের স্ক্রিন দেখিয়ে দাবি করেন, EPIC নম্বর দিয়ে সার্চ করেও নিজের তথ্য খুঁজে পাননি। তাঁর অভিযোগ,
“SIR-এর সময় আমি ফর্ম জমা দিয়েছিলাম। বুথ লেভেল অফিসার এসে আমার নথিপত্র সংগ্রহ করেছিলেন। তবু নাম নেই!”
২৪৩টি আসনের বিহার বিধানসভায় আসন্ন নির্বাচনের আগে এই নাম বাদ যাওয়াকে ‘বিপজ্জনক ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেন তিনি। বলেন,
“প্রায় প্রতিটি কেন্দ্র থেকেই ২০-৩০ হাজার করে নাম বাদ পড়েছে। সব মিলিয়ে মোট ভোটারের ৮.৫ শতাংশ— এটা কি স্বাভাবিক?”
তেজস্বী আরও অভিযোগ করেন,
“কমিশনের তালিকায় কোনও ঠিকানা নেই, বুথ নম্বর নেই, এপিক নম্বর নেই। ফলে বোঝার উপায় নেই, কার নাম বাদ গেছে। এটি একটি চালাকি।”
তবে কমিশনের তরফে পরে জানানো হয়, খসড়া তালিকায় নাম রয়েছে তেজস্বী যাদবেরও।
তাঁর নাম রয়েছে ৪১৬ নম্বরে। এই তথ্য সামনে আসতেই শুরু হয়েছে পাল্টা রাজনৈতিক চাপানউতোর।
ভোটের মুখে তালিকা সংশোধন ও ‘নাম বাদ’ ইস্যুতে তীব্র সুরে বিরোধীরা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে।







