রাজ্য

মাওবাদী হামলায় ফের রক্তাক্ত রেললাইন ও জঙ্গলপথ, শহিদ বাংলার দুই সন্তান

নিজস্ব সংবাদদাতা: রবিবার সকালে ফের জঙ্গি-প্রভাবিত অঞ্চলে রক্তাক্ত হল দেশের নিরাপত্তা বল ও রেল পরিষেবা। ওড়িশা ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী বিমলগড় রেল সেকশনে মাওবাদীদের পুঁতে রাখা বিস্ফোরকে প্রাণ গেল এক রেলকর্মীর। গুরুতর আহত আরও এক।

জানা গিয়েছে, সকালে চক্রধরপুর রেল বিভাগের অধীনে এই লাইনে টহল দিচ্ছিলেন দুই ট্র্যাকম্যান — এটোয়া ওরাম (৫৮) ও বুধরাম মুন্ডা। আচমকা বিকট শব্দে ফেটে যায় ল্যান্ডমাইন। ঘটনাস্থলেই গুরুতর জখম হন দুজন। পরে বন্দমুন্ডা রেল হাসপাতালেই মৃত্যু হয় এটোয়া ওরামের। আশঙ্কাজনক অবস্থায় বুধরামকে স্থানান্তরিত করা হয়েছে রৌরকেলা হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মাওবাদীরা আগেই এলাকায় লাল ব্যানার লাগিয়ে তাদের উপস্থিতির বার্তা দিয়েছিল। এমনকি প্রথম দফায় বিস্ফোরণে লাইনের ক্ষতি হলেও রেল সুরক্ষা বাহিনী (RPF) পর্যাপ্ত নজরদারি ছাড়াই পাঠিয়েছিল কর্মীদের। এর তীব্র প্রশ্ন উঠছে প্রশাসনিক গাফিলতি ঘিরে।

আজই মাওবাদীদের ডাকা বনধ চলছে বাংলা, ওড়িশা, আসাম, ছত্তিসগড় ও ঝাড়খণ্ডে। আর তার জেরে জঙ্গিপ্রবণ অঞ্চলে বাড়তি উত্তেজনা।

এর মধ্যেই গতকাল শনিবার ফের রক্তাক্ত হয় সারান্ডার জঙ্গল। মাওবাদী হামলায় শহিদ হন পশ্চিমবঙ্গের মেদিনীপুরের সিপিআরএফ ইন্সপেক্টর সুনীল কুমার মন্ডল (১৯৩ নম্বর ব্যাটেলিয়ন)। তাঁর সঙ্গেই ছিলেন কনস্টেবল পার্থপ্রতিম দে (বাঁকুড়া)। পায়ে হেঁটে জঙ্গলে ঢোকার সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে গুরুতর জখম হন দুজনই। পরে হেলিকপ্টারে রাঁচির হাসপাতালে আনা হলেও, মৃত্যু আটকানো যায়নি সুনীলের। আশঙ্কাজনক পার্থপ্রতিম এখনও চিকিৎসাধীন।

সুনীল ছিলেন তিন ভাইবোনের মধ্যে কনিষ্ঠ। তাঁর স্ত্রী ও দুই সন্তান আজ নিথর স্তব্ধ। গোয়ালতোড়ের গাছউপড়া গ্রামে এখন শুধুই কান্নার রোল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ গ্রামে ফিরলে যথাযথ সামরিক মর্যাদায় গার্ড অফ অনার দেওয়া হবে।

বাঁকুড়ার রাজগ্রামে পার্থপ্রতিমের বাড়িতে একইরকম উৎকণ্ঠার আবহ। দুশ্চিন্তায় স্তব্ধ পরিবার।

মাওবাদী হানার এই নতুন ঢেউ ফের বড় প্রশ্ন তুলে দিল জঙ্গি অঞ্চলে নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে। দুই প্রাণ ঝরে যাওয়ার পরও বনধ চলাকালীন নজরদারি ও প্রতিরোধ ব্যবস্থায় যে বড়সড় ফাঁক, তাতে কোনও সন্দেহ নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.