কলকাতা

২০০২ সালের ভোটার তালিকা ‘গায়েব’! বাংলার চারটি বিধানসভা কেন্দ্রের তালিকা খুঁজে না পেয়ে চাপে কমিশন

কলকাতা: ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করার আগে বিপাকে জাতীয় নির্বাচন কমিশন। বাংলার চারটি বিধানসভা কেন্দ্রের ২০০২ সালের ভোটার তালিকাই খুঁজে পাওয়া যাচ্ছে না। জাতীয় স্তরে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে যখন জোর আলোচনা চলছে, তখনই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে।

কমিশন সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার কুলপি এবং বীরভূমের মুরারই, রামপুরহাট ও রাজনগর—এই চারটি বিধানসভা কেন্দ্রের ২০০২ সালের ভোটার তালিকা হদিস মিলছে না। ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, ওই তালিকা খুঁজে বের করার জন্য।

২০০২ সালে বাংলায় শেষবার SIR হয়েছিল। সেই তালিকা প্রকাশের মধ্য দিয়েই নতুন ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে কমিশন। এখনও পর্যন্ত ১০৩টি বিধানসভা আসনের তালিকা প্রকাশ হয়েছে। পর্যায়ক্রমে বাকি আসনগুলির তালিকাও প্রকাশিত হবে।

তবে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালে ভোটার তথ্য ডিজিটালাইজড ছিল না। সেক্ষেত্রে অনেক তথ্য হাতে লেখা বা অফলাইনে সংরক্ষিত ছিল। কোথায় সংরক্ষিত রাখা হয়েছিল সেই রেকর্ডও এখন আর নেই বলেই সমস্যা তৈরি হয়েছে।

কমিশনের এক আধিকারিক জানান, “আমরা চেষ্টা করছি হারিয়ে যাওয়া তালিকা উদ্ধারের। তবে না পাওয়া গেলে ২০০৩ সালের খসড়া ভোটার তালিকাকে ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ করতে হবে।”

বিহারে ইতিমধ্যেই SIR ঘিরে রাজনৈতিক তরজা চরমে। বাংলায় SIR নিয়ে এখনও পর্যন্ত সরকারি কোনও ঘোষণা না হলেও, কমিশনের এই তৎপরতায় সেই জল্পনাই আরও জোরালো হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.