শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের আইএসএল ডার্বির আগে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সমর্থক এবং চিকিৎসকদের পক্ষ থেকে একাধিক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। যদিও প্রতিবাদের সেই রেশ আগের মতন তীব্রতা অর্জন করতে পারেনি। উল্টোডাঙা থেকে হাডকো মোড় এবং রুবি মোড় থেকে বেলেঘাটা বিল্ডিং মোড় পর্যন্ত মানববন্ধনের ডাক দেওয়া হলেও, লোকবলের অভাবে অনেক কর্মসূচি ঠিকমতো এগোতে পারেনি।
খেলার আগে যুবভারতীর সামনে ডাক্তার সুবর্ণ গোস্বামীসহ বেশ কিছু সিনিয়র চিকিৎসক ‘বিচার চাই’ স্লোগান নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তবে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় যখন কিছু যুবক সেখানে প্রবেশ করে ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং মানববন্ধন ভেঙে দেওয়ার চেষ্টা করেন। পাল্টা ‘জাস্টিস’ স্লোগানও শোনা যায়। এক সিনিয়র চিকিৎসক অভিযোগ করেন, “আমরা ন্যায়বিচার চাইছিলাম, কিন্তু কিছু ব্যক্তি এসে তা ব্যাহত করার চেষ্টা করেছেন।”
প্রতিবাদের সঙ্গে ডার্বির উত্তেজনা মিশলেও, আগের অগস্টের মতন তীব্রতা এবং জনসমাগম দেখা যায়নি। ডুরান্ড কাপের সময় ডার্বি বাতিল হওয়ার পর দুই দলের সমর্থকদের মধ্যে যে রাগ ও হতাশার সঞ্চার হয়েছিল, এ দিন তা তেমনভাবে ফুটে ওঠেনি। তবে, ‘আমাদের বোনের জন্য বিচার চাই’ স্লোগান এখনও সমর্থকদের মুখে শোনা গেছে।







