চেন্নাইয়ে ফের পিটবুলের আক্রমণে রক্তাক্ত হল এক ছোট্ট শিশু। টোন্ডিয়ারপেটের আইওসি এলাকায় এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে, যেখানে ভাড়াটিয়ার সাত বছরের কন্যা শিশুর উপর ঝাঁপিয়ে পড়ে বাড়িওয়ালার পোষা কুকুর।
বাবা-মায়ের সামনেই পিটবুলটি ছোট্ট মেয়েটির উপর হামলা চালায়। কপাল এবং থুতনিতে গভীর কামড় ও আঁচড়ের চিহ্ন স্পষ্ট। রক্তাক্ত শিশুর চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে।
পুলিশ এসে কুকুরটিকে আটক করে এবং তদন্ত শুরু করে। পরে জানা যায়, ওই পোষ্যটির টিকাকরণ থাকলেও কোনও বৈধ লাইসেন্স ছিল না মালিকের কাছে। এই ঘটনার জেরে প্রাণীর সুরক্ষা এবং মানুষের জীবনের ঝুঁকি তৈরি করার অভিযোগে কুকুরের মালিককে আটক করেছে পুলিশ।
এর আগে চেন্নাইয়েই এক বৃদ্ধা মা তাঁর ছেলের পোষ্য পিটবুলের হামলায় প্রাণ হারিয়েছিলেন। তা সত্ত্বেও মানুষ যে এখনও যথেষ্ট সচেতন নন, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল এই ঘটনার মাধ্যমে।







