উত্তরপ্রদেশের মোরাদাবাদে ঘটে গেল এক নক্কারজনক ঘটনা, যার রেশ ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে। সোমবার মোরাদাবাদের গোল কুঠিওয়ালি এলাকায় রাস্তায় চলন্ত এক বোরখা পরা তরুণীকে প্রকাশ্য দিবালোকে যৌন হেনস্তা করেন এক যুবক। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে পুরো ঘটনা। পুলিশ দ্রুত তদন্তে নেমে অভিযুক্ত আদিল সইফিকে শনাক্ত করে এবং তাকে গ্রেপ্তার করতে গিয়ে ‘এনকাউন্টার নীতি’ প্রয়োগ করে। পালানোর চেষ্টায় থাকা অবস্থায় পুলিশের গুলিতে আহত হয় আদিল। বর্তমানে হাসপাতালে ভর্তি আদিল।
সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়, বোরখা পরা এক তরুণী একা হেঁটে যাচ্ছেন রাস্তা ধরে। পেছন থেকে হেঁটে আসা আদিল সইফি হঠাৎই ঝাঁপিয়ে পড়ে ওই মহিলার স্তন খামচে ধরে। আক্রান্ত তরুণী আপ্রাণ চেষ্টা করেন নিজেকে ছাড়িয়ে নিতে, এবং কিছুক্ষণ ধস্তাধস্তির পর আদিল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করে। এরপরই শুরু হয় তল্লাশি। সোমবার রাতেই পুলিশ অভিযান চালায় এবং আদিলকে ধরতে গেলে সে পালানোর চেষ্টা করে। বাধ্য হয়ে পুলিশ তার পায়ে গুলি চালায়। আহত অবস্থায় পুলিশই তাকে হাসপাতালে ভর্তি করে।
মঙ্গলবার সকালে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, হাসপাতালে শয্যায় শুয়ে কাতরাচ্ছে আদিল, আর পাশে দাঁড়িয়ে দুই পুলিশকর্মী। যন্ত্রণায় ছটফট করতে করতে সে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইছে। ভিডিওটি ঘিরে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক বিতর্ক। এই ঘটনাকে কেন্দ্র করে ফের উঠে এসেছে যোগী আদিত্যনাথ সরকারের ‘এনকাউন্টার পলিসি’র প্রসঙ্গ। সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা পুলিশের দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি ভবিষ্যতে অপরাধীদের রুখতে কার্যকর ভূমিকা পালন করতে পারে।







