১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধ। স্থান লাদাখের তুষারে ঢাকা দুর্গম রেজ্যাং লা উপত্যকা। সেখানে ইতিহাস রচনা করেছিলেন মাত্র ১২০ জন ভারতীয় সৈনিক। তাঁদের সামনে ছিল হাজার হাজার চিনা সেনা। অস্ত্র শেষ, গোলাবারুদ নিঃশেষ তবুও পিছু হটেননি তাঁরা। সেই বীরত্বপূর্ণ বাস্তব ঘটনাকে ঘিরেই তৈরি হচ্ছে পরিচালক রাজনীশ রাজি ঘোষের নতুন চলচ্চিত্র ‘১২০ বাহাদুর’, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ফারহান আখতার।
ছবিতে ফারহানকে দেখা যাবে পরমবীর চক্রপ্রাপ্ত মেজর শৈতান সিং ভাটি-র চরিত্রে। ১৩ কুমায়ুন ব্যাটালিয়নের নেতৃত্বে ওই ১২০ জন জওয়ান চূড়ান্ত অসম লড়াই করেছিলেন লাদাখের সীমান্তে। সদ্য প্রকাশিত টিজারে স্পষ্ট, এই ছবি শুধুমাত্র একটি যুদ্ধের চিত্রণ নয় বরং এক অভ্যন্তরীণ আগুনে জ্বলে ওঠা নিঃশব্দ সাহসের কাহিনি। ফারহানের সংলাপ,”পিছু হটবে না!” ও “উর্দি শুধু সাহস নয়, বলিদানও চায়”। এই সংলাপ ইতিমধ্যেই দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। টিজারে রয়েছে প্যানোরামিক শটে তুষারাবৃত উপত্যকা, কামানের গর্জন, রক্ত-মাটির গন্ধে মিশে থাকা সৈনিকদের অটুট চোখের ভাষা। যুদ্ধের এই ছবিতে তুলে ধরা হয়েছে একেবারে কড়াভাবে বাস্তবের মানবিক রূপ।
সমাজমাধ্যমে ইতিমধ্যেই হ্যাশট্যাগ #120Bahadur ট্রেন্ড করছে। দর্শকরা বলছেন,”গায়ে কাঁটা দিচ্ছে টিজার”, কেউ কেউ বলছেন,”ফারহান তাঁর ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স দিতে চলেছেন!” অনেকেই প্রশংসা করেছেন সিনেমাটোগ্রাফি ও আবহসংগীতের। ছবিটির শুটিং হয়েছে লাদাখ, রাজস্থান ও মুম্বইয়ের রিয়েল লোকেশনে। প্রযোজনায় রয়েছেন ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি (এক্সেল এন্টারটেইনমেন্ট) এবং অমিত চন্দ্রা (ট্রিগার হ্যাপি স্টুডিওজ)। অতীতে যাঁরা ‘লক্ষ্য’, ‘তুফান’, ‘ডন’ বা ‘দিল চাহতা হ্যায়’-এর মতো ছবিতে ভিন্ন ঘরানার গল্প বলেছে, এবার তাঁরা তুলে ধরছেন এক রক্ত-মাটির ইতিহাস।
পরিচালক রাজি ঘোষের কথায়,”এই ছবি কোনও চিত্রনাট্য নয়, এটা ইতিহাস। কোনও অতিরঞ্জন নয়, বাস্তবই আমাদের গল্প।” নির্মাতাদের দাবি ছবিটি শুধুমাত্র যুদ্ধ দেখাবে না, দেখাবে যোদ্ধাদের। তাঁদের ভয়, সাহস, আত্মত্যাগ ও নিঃশব্দ কষ্ট। সব মিলিয়ে এই ছবি এক আবেগঘন শ্রদ্ধার্ঘ্য। ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের ২১ নভেম্বর, অর্থাৎ কার্গিল বিজয় দিবসের কিছুদিন পরেই। ফারহান আখতারের ‘তুফান’-এর পর এই ছবি তাঁর বড়োপর্দায় প্রত্যাবর্তন। তবে এইবার তিনি মুষ্টিযোদ্ধা নন, এক নিঃশব্দ যোদ্ধা। প্রশ্ন উঠছে ‘১২০ বাহাদুর’ কি শুধুই ছবি? নাকি এক জাতীয় চেতনার নবজাগরণ? যদি যুদ্ধের গল্পও হয়, তবে এই গল্প নিছক সিনেম্যাটিক ফ্যান্টাসি নয়, এ এক জাতির আত্মপরিচয়ের প্রামাণ্য দলিল।







