নিজস্ব সংবাদদাতা: গত ২৪ এপ্রিল কোচবিহার জেলা থেকে শুরু হয়েছিল তৃণমূলের নব জোয়ার যাত্রা বা কর্মসূচি। ১৮ দিনের মধ্যে এই যাত্রা পার করল মোট ২০০০ কিলোমিটার। আর সেই কারণে টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার বিকেল ৬টা নাগাদ তিনি টুইট করেন।
লেখেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জন সংযোগ যাত্রা গতকাল সাফল্যের সঙ্গে গোটা রাজ্যে ২০০০ কিলোমিটার অতিক্রম করেছে। এই গর্বের মুহূর্তে আমি তাঁকে অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি। এই যাত্রায় রাজ্যের মানুষের হৃদয় জিতে নিয়েছেন তিনি। জনগণের আশীর্বাদ ও দৃঢ় সমর্থনের ফলে আমরা এই মাইকফলক অর্জন করেছি। আমাদের সংকল্প তৃণমূল স্তরে গনতন্ত্রকে শক্তিশালী করা। ‘তৃণমূলে নব জোয়ার’ মানুষের কাছে একটি প্রতিশ্রুতি। আমরা নিশ্চিতভাবে বলছি, বাংলা সাফল্যের নতুন শিখর অর্জন করবে।”
তবে আজকের এই বড় অভিনন্দন বার্তার পর যে মুখ্যমন্ত্রী সব জল্পনা, কটাক্ষে জল ঢাললেন, একথাই মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন ক্ষেত্রে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বেনিয়ামের অভিযোগ উঠেছে।
একের পর এক অভিযোগে শাসকদলের অস্বস্তি ক্রমেই বেড়েছে। এর মধ্যেই জোর কদমে পঞ্চায়েত প্রস্তুতি শুরু করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। কোচবিহার জেলা থেকে শুরু হয়ে দীর্ঘ দু’মাস পর দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে শেষ হবেই কর্মসূচি। অভিষেকের এই কর্মসূচি ৬০ দিন ধরে চলবে।







